শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬ ।। ২২ শ্রাবণ ১৪৩৩ ।। ২৪ সফর ১৪৪৮


গ্যাস-বিদ্যুৎসহ জ্বালানি নিরাপত্তায় সরকার ব্যর্থ: খেলাফত মজলিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

দেশে গ্যাস সংকট, বিদ্যুতের অতিরিক্ত বিল, লোডশেডিং ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে অভিযোগ করেছে খেলাফত মজলিস। একই সঙ্গে অবিলম্বে নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছে দলটি।

বৃহস্পতিবার (৬ আগস্ট) রাজধানীর পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত কেন্দ্রীয় নির্বাহী বৈঠকে এসব অভিযোগ ও দাবি তুলে ধরেন দলের নেতারা।

বৈঠকে সভাপতিত্ব করেন খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ। সভা পরিচালনা করেন মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।

বৈঠকে নেতারা বলেন, সাম্প্রতিক সময়ে জ্বালানি গ্যাস সংকট, বিদ্যুতের বাড়তি বিল, লোডশেডিং এবং দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে সাধারণ মানুষের দুর্ভোগ বেড়েছে। গ্যাস সংকটের কারণে শিল্প-কারখানার উৎপাদন ব্যাহত হচ্ছে, বিদ্যুৎ উৎপাদনে সমস্যা দেখা দিচ্ছে এবং সিএনজিচালিত যানবাহনও সংকটে পড়েছে বলে তারা দাবি করেন।

তাদের ভাষ্য, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর গত পাঁচ মাসে জ্বালানি খাতে একের পর এক ব্যর্থতার চিত্র ফুটে উঠেছে। সরবরাহব্যবস্থা নিয়ন্ত্রণ এবং জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় কার্যকর ভূমিকা রাখতে পারেনি বলেও অভিযোগ করেন তারা।

খেলাফত মজলিস নেতারা সরকারের প্রতি জনগণের দুর্ভোগ নিরসনে আন্তরিক হওয়ার আহ্বান জানিয়ে অবিলম্বে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করার দাবি জানান।

বৈঠকে শিক্ষাঙ্গনের পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়। নেতারা অভিযোগ করেন, সরকারি দলের ছাত্রসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে সন্ত্রাস ও চাঁদাবাজির ঘটনা গণমাধ্যমে উঠে এসেছে। তারা বলেন, গণঅভ্যুত্থান-পরবর্তী নতুন বাংলাদেশে শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ধরনের সন্ত্রাস, দলীয় আধিপত্য বা ভীতির পরিবেশ গ্রহণযোগ্য নয়।

নেতারা আরও বলেন, শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে হলে হল ও ক্যাম্পাসে দলীয় আধিপত্য বন্ধ করতে হবে এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রশাসনকে নিরপেক্ষ ও পক্ষপাতমুক্ত ভূমিকা পালন করতে হবে।

কেন্দ্রীয় নির্বাহী বৈঠকে আরও উপস্থিত ছিলেন নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন, অধ্যাপক আব্দুল্লাহ ফরিদ, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন, অধ্যাপক আবদুল জলিল, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক কাজী মিনহাজুল আলম, প্রশিক্ষণ সম্পাদক জহিরুল ইসলাম, প্রচার সম্পাদক প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শায়খুল ইসলাম, খন্দকার সাহাবুদ্দিন আহমদ, মুফতি আবদুল হক আমিনী, জিল্লুর রহমান, মাওলানা নুরুল হক, আবুল হোসেন, আমীর আলী হাওলাদারসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

এসএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ