আওয়ার ইসলাম ডেস্ক
বাংলাদেশের ৫০০ জনেরও বেশি ইমাম ও ধর্মীয় আলেমকে নিয়ে পাঁচ দিনব্যাপী একটি শিক্ষা ও প্রশিক্ষণ কর্মসূচি শুরু করেছে সৌদি আরবের ইসলামিক অ্যাফেয়ার্স, দাওয়াহ অ্যান্ড গাইডেন্স বিষয়ক মন্ত্রণালয়।
সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ (Saudi Press Agency) প্রকাশিত এক সংবাদে জানানো হয়, ঢাকায় অবস্থিত সৌদি দূতাবাসের ধর্মীয়বিষয়ক প্রতিনিধি (রিলিজিয়াস অ্যাটাশে) কার্যালয়ের সরাসরি সমন্বয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। রোববার (২ আগস্ট) থেকে শুরু হওয়া এই প্রশিক্ষণ পাঁচ দিনব্যাপী চলবে।
আয়োজকদের মতে, কর্মসূচিতে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে নির্বাচিত ৫০০ জনেরও বেশি ইমাম ও আলেম অংশ নিচ্ছেন। প্রশিক্ষণে মূলধারার ইসলামি শিক্ষার মৌলিক বিষয়গুলো তুলে ধরার পাশাপাশি সমাজে মধ্যপন্থা, ভারসাম্য, সহনশীলতা এবং ইতিবাচক ধর্মীয় চেতনা প্রতিষ্ঠার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
সংবাদে বলা হয়, এই উদ্যোগের উদ্দেশ্য হলো ইমাম ও আলেমদের জ্ঞান ও দক্ষতা আরও সমৃদ্ধ করা, যাতে তারা চরমপন্থা, বিভ্রান্তি ও উগ্রবাদ থেকে সমাজকে দূরে রেখে কোরআন-সুন্নাহর আলোকে সহনশীল, ভারসাম্যপূর্ণ ও শান্তিপূর্ণ সমাজ গঠনে কার্যকর ভূমিকা রাখতে পারেন।
সৌদি ইসলামিক অ্যাফেয়ার্স, দাওয়াহ অ্যান্ড গাইডেন্স বিষয়ক মন্ত্রণালয় বিশ্বের বিভিন্ন দেশে ইসলামি শিক্ষা, দাওয়াহ কার্যক্রম এবং ইমাম-খতিবদের সক্ষমতা উন্নয়নে নিয়মিতভাবে এ ধরনের প্রশিক্ষণ ও শিক্ষামূলক কর্মসূচি পরিচালনা করে আসছে।
আরএইচ/