ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামি দলগুলোর যেসব প্রার্থী বিজয়ী হয়েছেন এর মধ্যে রয়েছেন মাদারীপুর-১ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা পীরজাদা সাইদ উদ্দিন আহমাদ হানজালা। তিনি এই নির্বাচনে একটি রেকর্ডও করেছেন। সেটা হলো সবচেয়ে কম ভোটের ব্যবধানে জেতার রেকর্ড। তিনি মাত্র ৩৮৫ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন।
তিনি মাদারীপুর-১ আসনে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় নির্বাচনি ঐক্যের প্রার্থী ছিলেন। তার কাছে মাত্র ৩৮৫ ভোটের ব্যবধানে পরাজিত হন বিএনপির প্রার্থী নাদিরা আক্তার।
এবারের নির্বাচনে ২৯৯টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন ২ হাজার ২৮ জন প্রার্থী। এ পর্যন্ত ২৯৭টি আসনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে বিএনপি ও তার মিত্র দলগুলো ২১২টি, জামায়াতে ইসলামী ও মিত্র দলগুলো ৭৭টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ১টি ও স্বতন্ত্র প্রার্থীরা ৭টি আসনে জয়ী হয়েছেন। আইনি জটিলতার কারণে দুটি আসনে ফলাফল ঘোষণা করা হয়নি।
গত বৃহস্পতিবার অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল বিশ্লেষণে দেখা যায়, সবচেয়ে বেশি ভোটের ব্যবধানে জিতেছেন পার্বত্য রাঙামাটি আসনে বিএনপির প্রার্থী দীপেন দেওয়ান। তিনি হারিয়েছেন স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমাকে। তাদের ভোটের ব্যবধান ১ লাখ ৭০ হাজার ৩২২। ধানের শীষ প্রতীকে দীপেন দেওয়ান পেয়েছেন ২ লাখ ১ হাজার ৫৪৪ ভোট। পহেল চাকমা ফুটবল প্রতীকে পান ৩১ হাজার ২২২ ভোট। এই আসনে ভোটার সংখ্যা ৫ লাখের বেশি।
দেড় লাখের বেশি ভোটের ব্যবধানে জিতেছেন মোট চারজন প্রার্থী। তাদের মধ্যে তিনজন বিএনপির এবং একজন জামায়াতে ইসলামীর। তারা হলেন- রাজবাড়ী-২ আসনে বিএনপির প্রার্থী মো. হারুন-অর-রশিদ, জামালপুর-৩ আসনে বিএনপির প্রার্থী মো. মোস্তাফিজুর রহমান বাবুল এবং সাতক্ষীরা-২ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মুহাম্মদ আবদুল খালেক।
এছাড়া এক লাখের বেশি ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন আরও ২৬ জন প্রার্থী। তাদের মধ্যে ২৪ জন বিএনপির, ১ জন জামায়াতের এবং ১ জন জামায়াতের নির্বাচনি জোটে থাকা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)।
এমএম/