শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৬ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
অর্থমন্ত্রীর সঙ্গে পটিয়া মাদরাসার মুহতামিমের সৌজন্য সাক্ষাৎ শিক্ষা সিলেবাসে মহানবী সা.-এর জীবনী পাঠ্য করার প্রয়োজনীয়তা বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম, শীর্ষে থাকবে যেসব দেশ দারুল উলুম করাচির দ্বিতীয় সাময়িকে প্রথম বাংলাদেশের উসামা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ আরও কঠিন হচ্ছে: গাজী আতাউর রহমান দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা কাল, মিলনমেলা হবে ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের   বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন

শিক্ষা সিলেবাসে মহানবী সা.-এর জীবনী পাঠ্য করার প্রয়োজনীয়তা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: আওয়ার ইসলাম

মুফতি এনায়েতুল্লাহ

মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন কেবল মুসলমানদের ধর্মীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায় নয়; বরং মানবজীবনের প্রতিটি ক্ষেত্রে অনুসরণীয় আদর্শ ও অনন্য দিকনির্দেশনার এক সমৃদ্ধ ভাণ্ডার। তাঁর জীবনাদর্শে ব্যক্তি গঠন, পারিবারিক বন্ধন সুদৃঢ় করা, সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠা, ন্যায়বিচার নিশ্চিত করা এবং রাষ্ট্র পরিচালনার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে রয়েছে বাস্তব ও সর্বজনীন শিক্ষা। সততা, ন্যায়পরায়ণতা, সহমর্মিতা, দায়িত্ববোধ, মানবিকতা ও পরমতসহিষ্ণুতার মতো গুণাবলি বিকাশেও তাঁর জীবন ও কর্ম অনন্য দৃষ্টান্ত। তাই শিক্ষার্থীদের কেবল প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত করাই নয়, বরং তাদের নৈতিক, মানবিক ও আদর্শিক মূল্যবোধে সমৃদ্ধ করে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সব ধারার শিক্ষাব্যবস্থার পাঠ্যসূচিতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ও কর্মের বিস্তৃত পাঠ অন্তর্ভুক্ত করা সময়ের গুরুত্বপূর্ণ দাবি।

দুই. কওমি মাদরাসার পাঠ্যক্রমেও মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী বা সিরাত পাঠের পরিসর তুলনামূলকভাবে সীমিত। প্রচলিত পাঠ্যক্রম অনুযায়ী, নিম্নমাধ্যমিক স্তরের নাহবেমির জামাতে ‘সিরাতে খাতামুল আম্বিয়া’ নামে একটি সংক্ষিপ্ত সিরাতগ্রন্থ পড়ানো হয়। এরপর সর্বোচ্চ শ্রেণি দাওরায়ে হাদিসে বুখারি শরিফের ‘কিতাবুল মাগাজি’ অধ্যায়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বিভিন্ন যুদ্ধ, সামরিক অভিযান ও সংশ্লিষ্ট ঘটনাবলি পাঠ করা হয়। ইমাম বুখারি রহ. অত্যন্ত সুশৃঙ্খল, প্রামাণ্য ও গবেষণাধর্মী পদ্ধতিতে অধ্যায়টি সংকলন করেছেন। এতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামরিক নেতৃত্ব, দূরদর্শিতা, কৌশল ও বিভিন্ন ঐতিহাসিক ঘটনার গুরুত্বপূর্ণ বিবরণ উঠে এসেছে।

এ ছাড়া উচ্চতর জামাতগুলোতে কুরআন, হাদিস, তাফসির ও ইসলামি ইতিহাসের বিভিন্ন পাঠের মধ্য দিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, শিক্ষা, আদর্শ ও কর্মপদ্ধতির নানা দিক আলোচিত হয়। বিশেষত হাদিসের দরস ও তাফসিরের আলোচনায় তাঁর জীবনাচার, চারিত্রিক বৈশিষ্ট্য, পারিবারিক জীবন, সামাজিক ভূমিকা ও রাষ্ট্র পরিচালনার বিভিন্ন দৃষ্টান্ত শিক্ষার্থীদের সামনে আসে। তবে এসব আলোচনা বিভিন্ন বিষয়ের পাঠের সঙ্গে বিচ্ছিন্নভাবে যুক্ত থাকায় সিরাতের সামগ্রিক ধারাবাহিকতা ও পূর্ণাঙ্গ চিত্র অনেক ক্ষেত্রে অনালোচিত থেকে যায়। ফলে একজন শিক্ষার্থী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের নানা ঘটনা ও শিক্ষা সম্পর্কে জানার সুযোগ পেলেও জন্ম থেকে ওফাত পর্যন্ত তাঁর পূর্ণাঙ্গ জীবনচরিত ধারাবাহিকভাবে অধ্যয়নের সুযোগ তুলনামূলক কম পায়। এ জায়গায় কওমি মাদরাসার পাঠ্যক্রমে আরও বিস্তৃত, সুনির্দিষ্ট ও ধারাবাহিক সিরাত পাঠের ব্যবস্থা করার অবকাশ রয়েছে।

তিন. আলিয়া মাদরাসার পাঠ্যক্রমেও মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পাঠের জন্য স্বতন্ত্র, কাঠামোবদ্ধ ও ধারাবাহিক কোনো বিষয় নেই। দাখিল ও আলিম পর্যায়ে ‘ইসলামের ইতিহাস’ বিষয়ের অন্তর্ভুক্ত হিসেবে তাঁর মক্কি ও মাদানি জীবন, নবুওয়তপ্রাপ্তি, দাওয়াতি কার্যক্রম, হিজরত, মদিনা সনদ, বিভিন্ন যুদ্ধ, শান্তিনীতি ও মক্কা বিজয়সহ গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনা পাঠ্যসূচিতে স্থান পেয়েছে। এসব পাঠের মাধ্যমে শিক্ষার্থীরা মহানবীর জীবনের গুরুত্বপূর্ণ বাঁক, ইসলামের প্রাথমিক যুগের ঘটনাপ্রবাহ এবং মুসলিম সমাজ প্রতিষ্ঠায় তাঁর ভূমিকা সম্পর্কে ধারণা লাভ করে।

তবে ইতিহাসের অংশ হিসেবে এসব ঘটনা পাঠের মধ্যেই সিরাত অধ্যয়নের পরিসর অনেকটা সীমাবদ্ধ। ফলে নবীজির ব্যক্তিজীবন, পারিবারিক আদর্শ, চারিত্রিক মাধুর্য, মানবিক গুণাবলি, নেতৃত্বের বৈশিষ্ট্য, সমাজ সংস্কারে ভূমিকা এবং ব্যক্তি ও রাষ্ট্র পরিচালনায় তাঁর অনুসরণীয় নীতিগুলোর পূর্ণাঙ্গ ও গভীর পরিচয় শিক্ষার্থীদের সামনে তুলে ধরার সুযোগ সীমিত থেকে যায়। অথচ সিরাত কেবল কিছু ঐতিহাসিক ঘটনা জানার বিষয় নয়; বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ও শিক্ষাকে উপলব্ধি করার এক অনন্য মাধ্যম। তাই আলিয়া মাদরাসার পাঠ্যক্রমেও ইতিহাসের প্রচলিত পাঠের পাশাপাশি তাঁর পূর্ণাঙ্গ জীবনাদর্শ ও মানবিক শিক্ষার ধারাবাহিক, বিস্তৃত ও স্বতন্ত্র পাঠ অন্তর্ভুক্ত করার যথেষ্ট সুযোগ রয়েছে।

চার. বাংলাদেশের সাধারণ ধারার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী মূলত ‘ইসলাম শিক্ষা’ বিষয়ের মাধ্যমে পড়ানো হয়। ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত এ বিষয়ের পাঠ্যবইয়ে তাঁর জীবন ও চরিত্র, নবুওয়তপ্রাপ্তি, ইসলাম প্রচার, হিজরত, মদিনা সনদ, মক্কা বিজয় ও বিদায় হজসহ জীবনের গুরুত্বপূর্ণ ঘটনাবলি অন্তর্ভুক্ত রয়েছে।

অন্যদিকে, একাদশ ও দ্বাদশ শ্রেণিতে মানবিক বিভাগের শিক্ষার্থীরা ‘ইসলামের ইতিহাস ও সংস্কৃতি’ বিষয়টি নির্বাচন করলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ও কর্ম সম্পর্কে আরও বিস্তৃতভাবে জানার সুযোগ পায়। তবে বিষয়টি উচ্চমাধ্যমিক পর্যায়ের সব বিভাগের শিক্ষার্থীর জন্য বাধ্যতামূলক নয়। মূলত মানবিক বিভাগের শিক্ষার্থীরাই এটি ঐচ্ছিক বিষয় হিসেবে পড়ার সুযোগ পায়। ফলে সাধারণ ধারার সব শিক্ষার্থীর জন্য নবীজির জীবন ও আদর্শ সম্পর্কে উচ্চমাধ্যমিক পর্যায় পর্যন্ত ধারাবাহিক ও বিস্তৃত পাঠের সুযোগ নিশ্চিত হয় না।

পাঁচ. আমাদের প্রচলিত শিক্ষাব্যবস্থায় সিরাত পাঠের চিত্র মোটামুটি এমনই। একথা অস্বীকারের সুযোগ নেই যে, কওমি মাদরাসায় একটি স্বতন্ত্র সিরাতগ্রন্থ ও নবীজির জীবনের বিশেষ কিছু অধ্যায়, আলিয়া মাদরাসা ও সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানে তাঁর জীবনের নির্বাচিত ঘটনাবলি বিভিন্ন শ্রেণিতে পড়ানো হয়। উচ্চমাধ্যমিক পর্যায়ে মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্যও তাঁর জীবন নিয়ে স্বতন্ত্র পাঠের সুযোগ রয়েছে। সুতরাং আমাদের শিক্ষাব্যবস্থায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী একেবারেই অনুপস্থিত—এমন দাবি সঠিক নয়।

ছয়. আমাদের বিবেচনায়, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী কেবল ধর্মীয় ইতিহাসের পাঠ হিসেবে নয়; বরং নৈতিকতা, মানবিকতা, নেতৃত্ব ও নাগরিক দায়িত্ববোধ গড়ে তোলার অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে পাঠ্যক্রমে আরও গুরুত্ব পাওয়া উচিত। এ জন্য প্রচলিত সব ধারার পাঠ্যসূচি পর্যালোচনা করে শিক্ষার্থীদের বয়স, শ্রেণি ও বোধগম্যতার সঙ্গে সামঞ্জস্য রেখে নবীজির জীবন ও আদর্শকে আরও পরিকল্পিত, বিস্তৃত ও প্রাসঙ্গিকভাবে অন্তর্ভুক্ত করা সময়ের দাবি।

অভিজ্ঞতার আলোকে বলা যায়, প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থীদের সামনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, শৈশব, নবুওয়তপ্রাপ্তি এবং মক্কি ও মাদানি জীবনের পরিচিতি তুলে ধরা যেতে পারে। মাধ্যমিক পর্যায়ে হিজরত, মদিনা সনদ, রাষ্ট্র পরিচালনা, যুদ্ধনীতি, সন্ধি ও সামাজিক সংস্কারের বিষয়গুলো গুরুত্ব পেতে পারে। আর উচ্চতর পর্যায়ে তাঁর নেতৃত্ব, অর্থনৈতিক চিন্তাধারা, বিচারব্যবস্থা, পারিবারিক জীবন, কূটনীতি ও মানবিক আদর্শের গভীর পাঠ অন্তর্ভুক্ত করা প্রয়োজন। আমরা চাই, সিরাত শিক্ষা কেবল জন্ম, মৃত্যু, যুদ্ধ ও ঐতিহাসিক ঘটনাবলির বিবরণে সীমাবদ্ধ না থেকে প্রতিটি ঘটনা থেকে সততা, ন্যায়বিচার, সহমর্মিতা ও দায়িত্ববোধের মতো জীবনঘনিষ্ঠ শিক্ষা তুলে ধরুক।

এভাবে একজন শিক্ষার্থী সততা, আমানতদারি, ক্ষমাশীলতা, সহনশীলতা ও মানবসেবার শিক্ষা লাভের পাশাপাশি পারিবারিক ও সামাজিক জীবনে নিজের দায়িত্ব ও ভূমিকা সম্পর্কেও সচেতন হয়ে উঠবে। স্বামী, পিতা, প্রতিবেশী কিংবা সমাজনেতা হিসেবে দায়িত্ব পালনের শিক্ষা যেমন পাবে, তেমনি জানবে নারী ও শিশুর অধিকার, ধর্মীয় সম্প্রীতি, নাগরিক অধিকার, বিচারব্যবস্থা, অর্থনৈতিক ন্যায়বিচার, মাদক নির্মূল, ভিন্ন ধর্মাবলম্বীদের সঙ্গে আচরণ, ব্যবসা-বাণিজ্যে নৈতিকতা ও দুর্নীতিবিরোধী আদর্শ সম্পর্কেও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকনির্দেশনা।

শিক্ষার উদ্দেশ্য কেবল তথ্য ও জ্ঞান অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং একজন শিক্ষার্থীকে সৎ, দায়িত্বশীল, বিবেকবান ও মানবিক মানুষ হিসেবে গড়ে তোলাও এর অন্যতম প্রধান লক্ষ্য। বর্তমান বিশ্বে ধর্মীয়, জাতিগত ও সাংস্কৃতিক বিভাজন থেকে নানা সংঘাতের সৃষ্টি হচ্ছে। এমন বাস্তবতায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ও আদর্শের পাঠ শিক্ষার্থীদের মধ্যে সহনশীলতা, পারস্পরিক শ্রদ্ধা, ন্যায়বোধ ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই সিরাত শিক্ষাকে সব ধারার শিক্ষাব্যবস্থায় আরও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।

আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী শিক্ষা সিলেবাসে অন্তর্ভুক্ত করা কোনো একক ধর্মীয় জনগোষ্ঠীর বিষয় হিসেবে সীমাবদ্ধ নয়; যথাযথভাবে উপস্থাপন করা হলে এটি নৈতিকতা, মানবিকতা ও দায়িত্বশীল নাগরিকত্ব গঠনেরও গুরুত্বপূর্ণ উপাদান হতে পারে।

তাই পাঠ্যক্রমে তার জীবনী অন্তর্ভুক্তির পাশাপাশি তার জীবনাদর্শকে সর্বস্তরের মানুষের দৈনন্দিন চর্চার অংশ করে তোলা প্রয়োজন। আল্লাহ তায়ালা আমাদের তওফিক দিন। আমিন।

লেখক: সিনিয়র সাংবাদিক, কলামিস্ট ও বিশ্লেষক

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ