বৃহস্পতিবার, ২১ মে ২০২৬ ।। ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ৪ জিলহজ ১৪৪৭


প্রচলিত তন্ত্রমন্ত্র শুধু বাংলাদেশ নয়, গোটা দুনিয়াতেই অপরাধ দমনে ব্যর্থ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

মুফতি সাখাওয়াত হোসাইন রাজী-

আমরা প্রতিক্রিয়া জানাতে খুব ভালোবাসি, তীব্র থেকে তীব্রতর প্রতিক্রিয়া।

আমাদের প্রতিবাদ ক্রমশ উচ্চকণ্ঠ হয়, উত্তপ্ত হয়, কিন্তু সেই পুরনো ছকেই আবদ্ধ থেকে যায়। প্রতিবাদ চলতে থাকে, প্রতিক্রিয়া চলতে থাকে, অথচ ঘটনাও থেমে থাকে না। একটি ট্রাজেডির পর আরেকটি ট্রাজেডি আসে, আর আমরা প্রতিবারই নতুন বিস্ময়ের অভিনয় করি।

এভাবেই কোনো একদিন সেই ট্রাজেডির আগুন নিজের ঘরেও পৌঁছে যায়; নিজের পরিবারও ক্ষতবিক্ষত হয়, বুকও শূন্য হয়ে যায়। কিন্তু তবুও আমাদের প্রতিক্রিয়ার ধরন বদলায় না, প্রতিবাদের ভাষা বদলায় না, চিন্তার ভিত্তি বদলায় না। কারণ আমরা ফল চাই, কিন্তু কারণ খুঁজি না।

চুরি হয়, লুটপাট হয়, ধর্ষণ হয়, খুন হয়; আমরা প্রতিবাদ করি, মানববন্ধন করি, সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিই। কিন্তু কেন এসব হচ্ছে, কোন সমাজব্যবস্থা অপরাধ জন্ম দিচ্ছে, কোন নৈতিক শূন্যতা মানুষকে পশুত্বের দিকে ঠেলে দিচ্ছে, সে প্রশ্নের মুখোমুখি হতে চাই না। আর যারা সেই প্রশ্ন তোলে, যারা মূল সমস্যার সমাধান নিয়ে ভাবতে চায়, তাদের চিন্তাকেও আমরা অবজ্ঞার অন্ধকারে নিক্ষেপ করি।

প্রচলিত তন্ত্র-মন্ত্র দিয়ে শুধু বাংলাদেশ নয়, গোটা পৃথিবীই অপরাধ দমন করতে ব্যর্থ হয়েছে। উন্নত থেকে উন্নত রাষ্ট্র, আধুনিক থেকে আধুনিক বাহিনী, অত্যাধুনিক প্রযুক্তি, নজরদারি, কঠোর আইন, সবকিছু থাকার পরও তারা মানুষের ভেতরের পশুকে থামাতে পারেনি। তারপরও আমরা অন্ধ অনুকরণে মত্ত। যে ব্যবস্থাগুলো নিজেদের সমাজকে নিরাপদ করতে পারেনি, সেগুলোকেই মুক্তির একমাত্র পথ মনে করছি। কী নির্মম আত্মপ্রবঞ্চনা!

আমরা চোখ খুলে বাস্তবতা দেখি না।

দেখতে চাই না যে, মধ্যপ্রাচ্যের কিছু রাষ্ট্র অন্তত আংশিকভাবে ইসলামি বিচারব্যবস্থা অনুসরণ করে সমাজে অপরাধ নিয়ন্ত্রণে তুলনামূলক সফলতা অর্জন করেছে।

আমরা নিছক প্রতিক্রিয়ার জাতি। এখানে ব্যানারই বিবেক, স্লোগানই দায়িত্ব, আর আবেগই রাজনীতি।

বাস্তবতা চোখের সামনে দাঁড়িয়ে থাকলেও আমরা ভীষণ উদাসীন।

আজ অন্যের কান্না দেখছো, কাল সেই কান্নার শব্দ তোমার ঘর থেকেও উঠতে পারে। কারণ যে জাতি কেবল প্রতিক্রিয়া জানায়, কিন্তু আত্মসমালোচনা করে না, সুদূরপ্রসারী পরিকল্পনা গ্রহণ করে না, সত্য ও শাশ্বত পথ অনুসন্ধান করে না—সে জাতি ইতিহাসে বারবার আহত হয়, কিন্তু কখনো শিক্ষা নেয় না।

লেখক: মহাসচিব, ইসলামী ঐক্যজোট

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ