বৃহস্পতিবার, ২১ মে ২০২৬ ।। ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ৪ জিলহজ ১৪৪৭


হজ মৌসুমে স্বাস্থ্যসেবার প্রস্তুতি জোরদার


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

পবিত্র হজ মৌসুমকে সামনে রেখে মক্কার পবিত্র স্থানসমূহে স্বাস্থ্যসেবার প্রস্তুতি ও সক্ষমতা পরিদর্শন করেছেন সৌদি আরবের স্বাস্থ্যমন্ত্রী ফাহাদ আল-জালাজেল। এ সময় তিনি বেসরকারি খাত পরিচালিত বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যসেবা কেন্দ্র ঘুরে দেখেন এবং চিকিৎসাসেবার মান, পরিচালন সক্ষমতা ও সার্বিক প্রস্তুতি মূল্যায়ন করেন।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, হজযাত্রীদের জন্য সমন্বিত, আধুনিক ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই এ পরিদর্শনের মূল উদ্দেশ্য। এর মাধ্যমে যেন হাজিরা সুস্থতা ও মানসিক প্রশান্তির সঙ্গে নির্বিঘ্নে হজের আনুষ্ঠানিকতা পালন করতে পারেন, সে বিষয়টি নিশ্চিত করা হচ্ছে।

পরিদর্শনের অংশ হিসেবে স্বাস্থ্যমন্ত্রী মিনা ইমার্জেন্সি হাসপাতাল-২ ঘুরে দেখেন। চলতি বছর হাসপাতালটির ধারণক্ষমতা শতভাগ বাড়িয়ে ৪০০ শয্যায় উন্নীত করা হয়েছে। প্রকল্পের আওতায় নতুন তিনতলা ভবন ও অতিরিক্ত একটি সংযুক্ত অংশ নির্মাণ করা হয়েছে, যার মোট আয়তন প্রায় ১৮ হাজার বর্গমিটার।

এ ছাড়া জরুরি চিকিৎসাসেবা আরও দ্রুত ও সমন্বিতভাবে দিতে মিনা ইমার্জেন্সি হাসপাতাল-১ এবং হাসপাতাল-২–এর মধ্যে একটি বিশেষ সংযোগ সেতুও নির্মাণ করা হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী নামিরাহ জেনারেল হাসপাতালও পরিদর্শন করেন। ১১৪ শয্যার এ হাসপাতালে নিবিড় পরিচর্যা ইউনিট (আইসিইউ) এবং হিটস্ট্রোকে আক্রান্ত রোগীদের জন্য বিশেষ শয্যার ব্যবস্থা রাখা হয়েছে।

তিনি নামিরাহ পদচারী হাসপাতালও ঘুরে দেখেন, যেখানে ৫০ শয্যার চিকিৎসাসেবা চালু রয়েছে। একইসঙ্গে কিং আবদুল্লাহ মেডিকেল সিটি থেকে স্মার্টওয়াচ প্রযুক্তির মাধ্যমে এক হজযাত্রীর শারীরিক অবস্থা দূরবর্তীভাবে পর্যবেক্ষণ করা হয়।

সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, স্বাস্থ্য খাতে বেসরকারি প্রতিষ্ঠানের অংশগ্রহণ সরকারি সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় বাড়াতে এবং বিশেষায়িত সেবা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এর মাধ্যমে জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়া এবং হজযাত্রীদের নিরাপদ ও স্বস্তিদায়ক সেবা নিশ্চিত করার সক্ষমতা আরও শক্তিশালী হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, আধুনিক প্রযুক্তি, সম্প্রসারিত হাসপাতালসেবা এবং সমন্বিত স্বাস্থ্য ব্যবস্থাপনার কারণে এবারের হজ মৌসুমে হাজিদের জন্য আরও উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করা সম্ভব হবে।

সূত্র: আরব নিউজ

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ