নিজস্ব প্রতিবেদক
নানা আলোচনা-সমালোচনার মধ্য দিয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর রাজধানীর জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসায় বরণ করে নেওয়া হলো শামীম কায়সার লিংকনকে।
শনিবার (২২ আগস্ট) রাত ৯টায় রাজধানীর মাদরাসায় তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভী, বারিধারা মাদরাসার মুহতামিম মাওলানা মুনির হোসাইন কাসেমী, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের অর্থ সম্পাদক ও বারিধারা মাদরাসার মুহাদ্দিস মুফতি জাকির কাসেমী, সম্মিলিত ইমাম খতিব পরিষদের মহাসচিব মুফতি শরীফ উল্লাহ, জাতীয় ইমাম ও খতিব সংস্থার মহাসচিব মাওলানা আতাউর রহমান আলমপুরীসহ বারিধারা মাদরাসার শিক্ষক ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এ সময় উপস্থিত বিশিষ্টজনেরা ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পালনে নতুন প্রতিমন্ত্রীর সফলতা কামনা করেন। পাশাপাশি দেশের ধর্মীয় শিক্ষা, মসজিদ-মাদরাসা, ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণ এবং ধর্মীয় সম্প্রীতি রক্ষায় কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়।
নতুন ধর্ম প্রতিমন্ত্রী হিসেবে লিংকনের নাম ঘোষণার পর থেকেই দেশের আলেম-উলামা ও ধর্মভিত্তিক বিভিন্ন সংগঠনের মধ্যে এ নিয়ে আলোচনা শুরু হয়। এর আগে হেফাজতে ইসলাম, জমিয়তে উলামায়ে ইসলামসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তাকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী না করার আহ্বান জানানো হয়েছিল।
এমএন/