চট্টগ্রামে সদরঘাট থানার পোস্ট অফিসসংলগ্ন একটি জামে মসজিদের অফিস কক্ষ থেকে ২ লাখ ২০ হাজার টাকা চুরির ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১ লাখ ৮৬ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১৯ জুন) এ ঘটনা ঘটে।
সূত্রে জানা যায়, জুমার নামাজের আগে মসজিদের ইমাম তামজিদ রহমান অফিস কক্ষে ২ লাখ ২০ হাজার টাকা রেখে যান। পরে আসরের নামাজের পর কক্ষে গিয়ে তিনি টাকা না পেয়ে খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, এক ব্যক্তি কক্ষ থেকে টাকা নিয়ে চলে যাচ্ছেন।
রাত সাড়ে ৯টার দিকে ইমাম সদরঘাট থানায় অভিযোগ দিলে পুলিশ তদন্ত শুরু করে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে সন্দেহভাজন হিসেবে আরিফ (৩৬) নামের এক ব্যক্তিকে শনাক্ত করা হয়।
পরে সদরঘাট থানার এএসআই ইসমাইল ও মোশফিকের নেতৃত্বে একটি দল হালিশহর থানার ঈদগাহ বরফকল এলাকার সোনা শাহ মাজারসংলগ্ন শফি সওদাগরের বাড়িতে অভিযান চালিয়ে আরিফকে আটক করেন।
সূত্রের তথ্যমতে, পরবর্তীতে পুলিশের আরেকটি দল সেখানে গিয়ে আরিফের কাছ থেকে ১ লাখ ২৬ হাজার ৫০০ টাকা এবং মো. সুমন (৩৬) নামের আরেকজনের কাছ থেকে ৬০ হাজার টাকা উদ্ধার করে। উদ্ধার করা মোট টাকার পরিমাণ ১ লাখ ৮৬ হাজার ৫০০ টাকা।
জেডএম/
