অধিকৃত ফিলিস্তিন ভূখণ্ডে আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘন ও যুদ্ধবিরতি সত্ত্বেও পরপর সেখানে পরপর হামলার অভিযোগে দেশটির সাথে সমস্ত বানিজ্য সম্পর্ক বন্ধের প্রস্তুতি নিচ্ছে নরওয়ে। এ বিষয়ে জনমত যাচাইয়ের জন্য দেশটির সরকার একটি গণপরামর্শ প্রক্রিয়া শুরু করেছে বলে সূত্রে জানা গেছে।
নরওয়ের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রস্তাবিত আইনে ইসরায়েলি বসতিতে উৎপাদিত পণ্য আমদানি নিষিদ্ধ করা হবে। একই সঙ্গে ওই বসতিগুলোতে পণ্য রপ্তানি, সেখানে সম্পত্তি কেনা, বসতি নির্মাণ বা বিক্রির সঙ্গে সংশ্লিষ্ট সেবা প্রদান এবং সেখানে অবস্থিত ব্যবসা প্রতিষ্ঠান অধিগ্রহণও নিষিদ্ধ করা হবে।
নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী এসপেন বার্থ এইডে বলেন, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি বসতিগুলো আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে গড়ে তোলা হয়েছে এবং এগুলো দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের সম্ভাবনাকে ক্ষতিগ্রস্ত করছে।
তিনি বলেন, ফিলিস্তিনে ইসরায়েলি বসতিগুলো আন্তর্জাতিক আইনের পরিপন্থী। তাই আমরা এসব অবৈধ বসতির সঙ্গে বাণিজ্য নিষিদ্ধ করতে চাই।
নরওয়ে সরকার জানিয়েছে, আগামী ১৯ সেপ্টেম্বর পর্যন্ত এ বিষয়ে গণপরামর্শ চলবে। এরপর প্রাপ্ত মতামত পর্যালোচনা করে প্রস্তাবিত আইনটি সংসদে উত্থাপন করা হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি বসতি স্থাপন নিয়ে দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক মহলে বিতর্ক রয়েছে। জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এসব বসতিকে আন্তর্জাতিক আইনের পরিপন্থী বলে মনে করে।
সূত্র: আল জাজিরা
