আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে বিধিমালা ও আচরণবিধি সংশোধন কার্যক্রম প্রায় শেষ করে ফেলেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে এসব বিধিমালা ও আচরণবিধি চূড়ান্ত করার আগে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর মতামত নিতে দলগুলোকে চিঠি দেবে ভোট আয়োজনকারী সাংবিধানিক এ সংস্থাটি।
সোমবার (৮ জুন) নির্বাচন ভবনের নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এসব কথা বলেন।
বিধিমালা ও আচরণ বিধিমালা সংশোধনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমার ব্যক্তিগত ধারণা যে বিজ্ঞপ্তি দেব, আপনাদের সঙ্গে মিডিয়াতে কথা বলব, আর রাজনৈতিক দলগুলো যেগুলো আছে তাদেরকে চিঠি দেব। এর আগে কমিশন সভা করব। অতীতেও এভাবেই হয়েছে।
কমিশন সভা কবে হবে জানতে চাইলে তিনি বলেন, কমিশন সভা এক্সাক্টলি বলতে পারছি না। আশা করি মোটামুটিভাবে এই সপ্তাহের শেষে অথবা আগামী সপ্তাহে হবে।
ইউনিয়নের পরিষদের আচরণবিধি কি ফাইনাল হয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ফাইনাল মানে কি ড্রাফট স্টেজে এটা ঠিকঠাক করা হয়েছে। বাকিটুকু কমিশন অনুমোদন করলে আমরা আইন মন্ত্রণালয়ে পাঠাব ভেটিংয়ের জন্য।
অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ইউনিয়ন পরিষদের বিধিটা এক্সজস্টিভ (পুঙ্খানুপুঙ্খ), ওটার বেসিসে একটা জায়গায় করলেই হবে। ওটা মডেল হিসেবে করা তখন ওইটার অনুকরণে আর সবকিছু যেমন: জামানত একেক স্থানীয় নির্বাচনে একেক হারে বাড়বে। কোথাও ৫ হাজার টাকা, কোথাও এক হাজার টাকা, কোথাও ১০ হাজার টাকার কথা ভাবা হচ্ছে।
স্থানীয় নির্বাচন কখন হতে পারে জানতে চাইলে আখতার আহমেদ বলেন, নির্বাচনের তারিখের ৪৫ দিন আগে তফসিল হবে। স্থানীয় সরকার নির্বাচন নির্ভর করে তো স্থানীয় সরকার বিভাগের ওপরে। অক্টোবরের কথা যদি মন্ত্রী মহোদয় যদি বলেন তাহলে আমার তো আর বলার কিছু থাকে না। আমি কমিশনের পক্ষ থেকে বলতে পারি এখনো পর্যন্ত আমাদের কাছে কোনো চিঠি আসেনি।
আইও