মঙ্গলবার, ০৯ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৩ জিলহজ ১৪৪৭

শিরোনাম :

‘মেঘনার পানি ঢাকার দুই সিটি করপোরেশনে সরবরাহ হবে’ 


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

মেঘনা নদীর পানি শোধন করে ঢাকায় সরবরাহের মাধ্যমে ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা কমানো হবে বলে জানিয়েছেন পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, মেঘনা নদীর পানি পরিশোধন করে ঢাকার দুই সিটি করপোরেশনে সরবরাহ করা হবে। এ নদীর পানি হবে ঢাকার ভরসা।

সোমবার (৮ জুন) দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জে গন্ধর্বপুরে নির্মাণাধীন দৈনিক ৫০ কোটি লিটার সক্ষমতার ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট (পানি শোধনাগার) পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকা ওয়াসার 'ঢাকা এনভায়রনমেন্টালি সাসটেইনেবল ওয়াটার সাপ্লাই প্রজেক্ট'-এর আওতায় এই প্রকল্পের কাজ চলছে।

মির্জা ফখরুল বলেন, মেঘনা নদীর পানি শোধন করে ঢাকায় সরবরাহের মাধ্যমে ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা কমানোই এ প্রকল্পের মূল লক্ষ্য।

তিনি বলেন, এ প্রকল্পের আওতায় নির্মিত হয়েছে নদীতে পানি গ্রহণ কেন্দ্র, কাঁচা পানি পরিবহন লাইন, ৫০ কোটি লিটার দৈনিক সক্ষমতার পানি শোধনাগার এবং শোধিত পানি সরবরাহের ট্রান্সমিশন নেটওয়ার্ক। বাস্তবায়িত এ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ১০ হাজার কোটি টাকা।

তিনি আরও বলেন, শোধনাগারের মূল অবকাঠামোর প্রায় ৯৮ শতাংশ কাজ শেষ হয়েছে। আগামী এক বছরের মধ্যে প্রকল্পটি চালুর ব্যবস্থা করা হবে।

মন্ত্রী বলেন, এত দিন ঢাকা শহরের জন্য আমরা মূলত ভূগর্ভস্থ পানি ব্যবহার করতাম। অতিরিক্ত উত্তোলনের কারণে পানির স্তর প্রায় ১ হাজার মিটার পর্যন্ত নিচে নেমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল, যা একটি ভয়াবহ পরিস্থিতি। এই সংকট মোকাবিলায় মেঘনা নদীর পানি পরিশোধন করে ঢাকার দুই সিটি করপোরেশনে সরবরাহ করা হবে।

প্রায় ১০ হাজার কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন এই প্রকল্পের কাজ এখন শেষ পর্যায়ে রয়েছে বলে জানান মির্জা ফখরুল। তিনি বলেন, 'আগামী এক বছরের মধ্যে কাজ সম্পন্ন হবে বলে সরকার আশা করছে। এই প্রকল্প চালু হলে প্রতিদিন প্রায় ৫০ কোটি লিটার বিশুদ্ধ পানি সরবরাহ করা সম্ভব হবে। একই ধরনের আরও একটি প্রকল্প নেওয়ার পরিকল্পনা রয়েছে। সেটি বাস্তবায়িত হলে অতিরিক্ত আরও ৫০ কোটি লিটার পানি সরবরাহ করা যাবে। দুটি প্রকল্প মিলিয়ে প্রতিদিন ১০০ কোটি লিটার বিশুদ্ধ পানি ঢাকার দুই সিটিতে সরবরাহ করা সম্ভব হবে।'

আইও


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ