আন্তর্জাতিক ডেস্ক
পাকিস্তান বেফাকুল মাদারিসিল আরাবিয়ার সভাপতি এবং দারুল উলুম করাচির প্রধান মুফতি মুহাম্মদ তাকি উসমানী ক্রিপ্টোকারেন্সি বিষয়ে নতুন একটি ফতোয়া দিয়েছেন। এতে তিনি বর্তমান গবেষণা ও বিশেষজ্ঞদের মতামতের আলোকে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে কেনাবেচাকে শরিয়তসম্মত নয় বলে মত প্রকাশ করেছেন।
প্রকাশিত ফতোয়ায় মুফতি তাকি উসমানী বলেন, বিশেষজ্ঞদের এ পর্যন্ত পরিচালিত গবেষণা ও মতামত অনুযায়ী ক্রিপ্টোকারেন্সিকে প্রকৃত অর্থে ‘মাল’ (সম্পদ) হিসেবে গণ্য করা যায় না। বরং এটি মূলত হিসাবের খাতায় নিবন্ধিত কিছু কাল্পনিক বা ডিজিটাল সংখ্যার সমষ্টি।
তিনি আরও বলেন, ক্রিপ্টোকারেন্সি ইউএসডিটি (USDT) আকারে হোক কিংবা অন্য কোনো ক্রিপ্টো টোকেন-এর মাধ্যমে হোক, এর মাধ্যমে কেনাবেচা শরিয়তের দৃষ্টিতে বৈধ নয়।
এদিকে মুফতি তাকি উসমানীর ছেলে হাসান উসমানীও নিশ্চিত করেছেন যে, সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মাধ্যমে প্রচারিত ক্রিপ্টোকারেন্সিবিষয়ক ফতোয়াটি তাঁর পিতারই দেওয়া।
উল্লেখ্য, ক্রিপ্টোকারেন্সির শরয়ি বৈধতা নিয়ে মুসলিম বিশ্বে দীর্ঘদিন ধরে বিভিন্ন মতামত রয়েছে। বিভিন্ন দেশের আলেম ও ইসলামি গবেষণা প্রতিষ্ঠান এ বিষয়ে ভিন্ন ভিন্ন ফতোয়া ও মতামত প্রকাশ করে আসছেন। সর্বশেষ মুফতি তাকি উসমানীর এ ফতোয়া বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা তৈরি করেছে।
সূত্র: রোজনামায়ে জং
আওয়ার ইসলাম/জেডএম
