নিজস্ব প্রতিবেদক:
হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির, কুমিল্লা জেলা সভাপতি ও বটগ্রাম হামিদিয়া মাদরাসার মুহতামিম, বর্ষীয়ান আলেম শায়খুল হাদিস আল্লামা নূরুল হকের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে সচেতন আহলে সুন্নাত ওয়াল জামাত ফেডারেশন।
বুধবার (১৪ অক্টোবর) এক যৌথ শোকবার্তায় সচেতন আহলে সুন্নাত ওয়াল জামাত ফেডারেশনের আমির মুফতি শেখ মুহাম্মাদ নাঈম বিন আব্দুল বারী এবং মহাসচিব হাফেজ মাওলানা মুফতি আনাস বিন জাহাঙ্গীর বলেন, ‘আল্লামা নূরুল হক বটগ্রামী হযরতের ইন্তেকাল এ দেশের দ্বীনি অঙ্গন, বিশেষত কুমিল্লার উলামায়ে কেরাম ও ধর্মপ্রাণ মুসলমানদের জন্য এক অপূরণীয় ক্ষতি। আমরা এমন একজন শ্রদ্ধাভাজন মুরুব্বি, দ্বীনি অভিভাবক ও আধ্যাত্মিক পথপ্রদর্শককে হারালাম, যাঁর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়। ইলমে দ্বীনের খেদমত এবং সাধারণ মানুষ ও উলামায়ে কেরামের প্রতি তাঁর স্নেহশীল দিকনির্দেশনা তাঁকে সর্বমহলে ভালোবাসা ও শ্রদ্ধার আসনে অধিষ্ঠিত করেছিল।’
মুফতি শেখ মুহাম্মাদ নাঈম বিন আব্দুল বারী আরও বলেন, ‘কুমিল্লা জেলা কওমি মাদরাসা সংগঠনের সভাপতি মরহুম আল্লামা বটগ্রামী (রহ.) সচেতন আহলে সুন্নাত ওয়াল জামাত ফেডারেশনের অন্যতম মুরুব্বি ছিলেন। আগামী বছর সচেতন আহলে সুন্নাত ওয়াল জামাত ফেডারেশনের ১৭ বছর পূর্তি উপলক্ষে তাঁকে সভাপতি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছিল। মরহুম বটগ্রামী হযরত ছিলেন আমাদের সংগঠনের পরম শ্রদ্ধেয় অভিভাবক। তাঁর মূল্যবান দিকনির্দেশনা ও পরামর্শ আমাদের পথচলাকে সর্বদা সমৃদ্ধ করেছে। তাঁর প্রয়াণে সচেতন আহলে সুন্নাত ওয়াল জামাত ফেডারেশন আজ একজন অভিভাবক হারিয়ে গভীরভাবে শোকাহত।’
শোকবার্তায় নেতৃবৃন্দ মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আকুল ফরিয়াদ জানিয়ে বলেন, আল্লাহ তাআলা যেন প্রবীণ এই আলেম ও বুজুর্গের জীবনের সকল ইলমি ও দ্বীনি খেদমত কবুল করেন, তাঁর ত্রুটি-বিচ্যুতি ক্ষমা করে জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম নসীব করেন। একই সাথে শোকাহত পরিবার, শিষ্য ও শুভাকাঙ্ক্ষীদের এই কঠিন শোক সহ্য করার এবং ‘সবরে জামিল’ এখতিয়ার করার তাওফিক দান করেন।
আইও/