বাংলাদেশের প্রখ্যাত দ্বীনি প্রতিষ্ঠান জামিয়া দারুল মাআরিফ, চট্টগ্রামের প্রতিষ্ঠাতা ও মহাপরিচালক, আল্লামা সুলতান যওক নদভী রহ. এর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করেছে জমিয়তে উলামায়ে ইসলাম ইউকে। আজ গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এ শোক প্রকাশ করেন।
শোকবার্তায় বলা হয়, আল্লামা সুলতান যওক নদভী রহ. ছিলেন একজন দূরদর্শী আলেম, একনিষ্ঠ গবেষক ও ভাষা-সাহিত্যের অনন্য অভিভাবক। তিনি আজীবন আরবি ভাষা ও দ্বীনি শিক্ষার প্রসারে নিজেকে নিয়োজিত রেখেছেন। তাঁর হাতে গড়ে ওঠা অসংখ্য আলেম আজ বিশ্বের বিভিন্ন প্রান্তে ইসলামের খেদমতে নিয়োজিত।
নেতৃবৃন্দ আরও বলেন, আল্লামা নদভী রহ. এর চিন্তাশীল নেতৃত্ব, গভীর জ্ঞান ও আন্তর্জাতিক পরিমণ্ডলে অবদান তাঁকে একটি অনন্য উচ্চতায় আসীন করেছে। তিনি বহু আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের আলেম সমাজের মর্যাদাপূর্ণ প্রতিনিধিত্ব করেছেন এবং বিশ্বমঞ্চে বাংলাদেশের দ্বীনি শিক্ষা ও চিন্তাধারার পরিচয় তুলে ধরেছেন।