বুধবার, ১১ নভেম্বর ২০২৬ ।। ২৬ কার্তিক ১৪৩৩ ।। ১ জমাদিউস সানি ১৪৪৮


আওলাদে রাসুলের সান্নিধ্যে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

|| হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর ||

সেই হিফজখানার ছাত্রজীবন থেকেই কক্সবাজার আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনে শরিক হওয়ার খোশনসিব হয়ে আসছে আলহামদুলিল্লাহ। সে সুবাদে প্রতিবছরই আওলাদে রাসুল স. আল্লামা সায়্যিদ আব্দুল মজিদ নদীম রহ. কে কাছ থেকে দেখা এবং সরাসরি হযরতের বয়ান শ্রবণের সুযোগ হতো। সেই ছোট্ট বয়সেও গভীর অভিনিবেশে একাগ্রচিত্তে শুনতাম খতীবুল আসর হযরত নদীম সাহেব রহ. এর ঈমানজাগানিয়া বয়ান। যা আমাদের জীবনস্মৃতির এক আলোকিত অধ্যায় হিসেবে অম্লান হয়ে আছে এবং থাকবে।

কেবল কক্সবাজার নয়; পুরো বাংলাদেশেই আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনের অন্যতম প্রধান আকর্ষণ ছিলেন তিনি। কুরআন-সুন্নাহর আলোকে তাঁর দরদমাখা বয়ান আমাদের হৃদয় ছুঁয়ে যেত। সে বয়ান শ্রবণে হৃদয়ে তাকওয়া, ইশকে রাসুল স., হুব্বে সুন্নাতে মোস্তফা স. ও আযমতে সাহাবা র. এর উজ্জীবন ঘটতো। অনুভূত হতো এক অকৃত্রিম প্রশান্তি।

এখনো আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হয়। তবে হযরত নদীম সাহেব রহ. আমাদের মাঝে নেই অনেক বছর হয়ে গেল। ফলে হযরতের দরদী কণ্ঠে সেই ঈমানদীপ্ত বয়ান সরাসরি শোনার সুযোগও আর নেই। কিন্তু আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে কয়েক বছর ধরে একই সম্মেলনে তাশরিফ আনছেন হযরত নদীম সাহেব রহ. এর সুযোগ্য সাহেবযাদা, তাঁরই রক্ত, ইলম ও আখলাকের উত্তরাধিকার আল্লামা সায়্যিদ ফয়সাল নদীম (হাফিজাহুল্লাহ)। তাঁর আগমন ও তাকরির যেন ধূ-ধূ মরুভূমিতে এক পশলা বৃষ্টির মতো আমাদের শুষ্ক হৃদয়ে প্রশান্তির পরশ । মনে হয় যেন নদীমী কণ্ঠেরই যথার্থ প্রতিধ্বনি।

গত ৭ নভেম্বর (শনিবার)ও তিনি তাশরিফ এনেছিলেন কক্সবাজার আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনে। প্রতিবছরের মতো এবারও দিল জাগানিয়া বয়ানে তিনি শ্রোতাদের ঈমানি চেতনায় উজ্জীবিত করেছেন। দিয়েছেন উম্মাহর ঐক্য ও সংহতির ডাক।

পরদিন ৮ নভেম্বর (রবিবার) বেলা ১২টায় আমাদের মুহতারাম উস্তায, ইসলামী মহাসম্মেলন বাস্তবায়ন কমিটির নির্বাহী সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ মোহছেন শরীফ (হাফিজাহুল্লাহ) এর আমন্ত্রণে তাঁরই পরিচালিত, আমাদের স্মৃতিবিজড়িত ঐতিহ্যবাহী দ্বীনি এদারা রাজারকুল আজিজুল উলুম মাদ্রাসায় তাশরিফ এনেছিলেন পাকিস্তানের প্রখ্যাত এই আলেমেদ্বীন।

সে সুবাদে হযরতের সাথে সালাম-মুসাফাহার পাশাপাশি মাদ্রাসার আসাতিযায়ে কেরামের উদ্দেশ্যে তাঁর সংক্ষিপ্ত অথচ অত্যন্ত তাৎপর্যপূর্ণ কিছু নসীহত শোনারও খোশনসিব হয়েছে আলহামদুলিল্লাহ।

বিশেষতঃ মেধায় তুলনামূলক পিছিয়ে থাকা শিক্ষার্থীদের জন্য উস্তাযগণের দু'আ করা যে কর্তব্য -এ মর্মে হযরতের নসীহতটি আমার হৃদয়ে গভীরভাবে রেখাপাত করেছে। সেই সাথে সিরাতুল মুস্তাকিমে ইস্তিকামাত তথা অবিচল থাকার জন্য আল্লাহর দরবারে নিরন্তর ফরিয়াদ জারি রাখার ব্যাপারেও তিনি বিশেষ তাগিদ দিয়েছেন। এই নসীহতগুলো আমাদের অন্তর্দৃষ্টিতে নতুন মাত্রা যোগ করেছে।

সেদিন সৌজন্য সাক্ষাৎকালে আলেম লেখক ও সাংবাদিক মুফতি এনায়ত উল্লাহ ভাই আমাকে দাঈ, সাংবাদিক ও সংগঠক হিসেবে পরিচয় করিয়ে দিলে হযরত সস্নেহে আমার মাথায় হাত বুলিয়ে দু'আ করেন। হযরতের সান্নিধ্য ও দু'আ লাভের এই খোশনসিবি আমার জীবনের এক অনন্য প্রাপ্তি, বড় সম্বল ও আগামীর পথচলার প্রেরণা।

আল্লাহ তা'আলা হযরতকে সুস্থতা, দীর্ঘ নেক হায়াত ও দ্বীনের খেদমতে বরকত দান করুন। আমিন।

লেখক: যুগ্ম-সাধারণ সম্পাদক, কক্সবাজার ইসলামী সাহিত্য ও গবেষণা পরিষদ

এসএইচ/  


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ