|| মাওলানা মুহাম্মাদ হেমায়েত উদ্দীন ||
বিগত ৪/৮/২৪ তারিখে উজবেকিস্তান সফর থেকে ফিরে এলাম। এটি ছিল শিক্ষা সফর। দশ দিনের সফর। ভাবছি ছোট্ট করে হলেও এই সফরনামাটি লিপিবদ্ধ করে নিই। যাতে উজবেকিস্তান শিক্ষা সফরে গমনকারীদের জন্য সংক্ষিপ্ত আকারে হলেও একটা গাইড হতে পারে। সেই সঙ্গে উজবেকিস্তানের ইতিহাস ঐতিহ্য ও ভৌগোলিক তথ্যাদি জানতে আগ্রহীদের জন্যও একটি সংক্ষিপ্ত তথ্যসমাহার হয়ে দাঁড়ায়।
আসলে যেকোনো দেশ বা স্থানে শিক্ষা সফরে যেতে চাইলে সেখানে কোন্ কোন্ স্থান বা কী কী জিনিস পরিদর্শন করার রয়েছে এবং সেগুলোর ইতিহাস ঐতিহ্য কী সে সম্বন্ধে কিছুটা হলেও পূর্ব ধারণা থাকতে হয়। দর্শনীয় স্থান ও বিষয়গুলোর তালিকা করে নিয়ে যেতে হয়। নইলে অনেক কিছুই পরিদর্শনের বাইরে থেকে যেতে পারে, কারণ এমনও হতে পারে যে, গাইডরা সংক্ষেপে সেরে দিতে চাইল। আবার যেগুলোর পরিদর্শন হয়, সেই পরিদর্শনও হয় আবেগশূন্য, কৌতুহলশূন্য, পূর্ণাঙ্গ অর্জনশূন্য। পূর্ব ধারণা ও পূর্বেপ্রস্তুত তালিকা থাকলে কোনোকিছু দেখা যেমন বাদ পড়ে না, তেমনি কৌতুহলী মন অনেক কিছুই খুঁটে খুঁটে দেখার ও বুঝার চেষ্টা করে, সংশ্লিষ্ট ইতিহাস ঐতিহ্যের সঙ্গে মিলিয়ে বুঝার চেষ্টা করতে পারে। সফর হয় প্রাণবন্ত, জ্ঞানসমৃদ্ধ ও অর্থবহ।