আন্তর্জাতিক ডেস্ক
ভারতে মুসলিম নাগরিকদের ভোটার তালিকা থেকে নাম বাদ দিয়ে বাংলাদেশি আখ্যা দেওয়ার পর দেশ থেকে বহিষ্কারের অভিযোগ উঠেছে। দেশটির নির্বাচন কমিশনের ভোটার তালিকা সংশোধন কার্যক্রমকে কেন্দ্র করে এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে এক অনুসন্ধানী প্রতিবেদনে জানিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার পর অনেক মুসলিম নাগরিককে আটক, নাগরিকত্ব নিয়ে জিজ্ঞাসাবাদ এবং শেষ পর্যন্ত বাংলাদেশে পুশইনের শিকার হতে হয়েছে।
প্রতিবেদনে মুম্বাইয়ের বাসিন্দা ৩৮ বছর বয়সী সাহিদা ফকিরের ঘটনা তুলে ধরা হয়েছে। গত ১৯ জুলাই সবজি কিনতে বাসা থেকে বের হয়েছিলেন তিনি। ছোট ছেলেকে বলে গিয়েছিলেন, কয়েক মিনিটের মধ্যেই ফিরে আসবেন। কিন্তু তিন মাসেরও বেশি সময় পেরিয়ে গেলেও স্বামী ও দুই সন্তানের কাছে ফিরতে পারেননি তিনি। বর্তমানে বাংলাদেশের সাতক্ষীরার একটি গ্রামে আশ্রয় নিয়েছেন সাহিদা।