আন্তর্জাতিক ডেস্ক
পাকিস্তানের বিরোধী দলগুলোর নেতাদের সঙ্গে বৈঠকে রাজনৈতিক পরিস্থিতি ও সরকারের সঙ্গে আলোচনার কৌশল নিয়ে আলোচনা করেছেন জমিয়তে উলামায়ে ইসলামের (জেইউআই) প্রধান মাওলানা ফজলুর রহমান। বৈঠকে তিনি বলেছেন, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) ইসলামাবাদে এসে বিক্ষোভ করতে চাইলে তাদের বাধা দেওয়া উচিত নয়।
মঙ্গলবার (৬ অক্টোবর) মাওলানা ফজলুর রহমানের বাসভবনে অনুষ্ঠিত বৈঠকে বিরোধী দলের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনায় অংশ নেন আল্লামা রাজা নাসির আব্বাস, আসাদ কায়সার, আখুনজাদা হুসাইন ইউসুফজাইসহ অন্য নেতারা। জেইউআইয়ের পক্ষ থেকে সিনেটর কামরান মুরতাজাসহ দলটির কেন্দ্রীয় নেতারাও উপস্থিত ছিলেন।
বৈঠকে মাওলানা ফজলুর রহমান বলেন, তারা সরকারের সঙ্গে চলমান আলোচনার অংশ ছিলেন না। তবে তারা আলোচনায় বিশ্বাস করেন। সরকারের পক্ষ থেকে আলোচনার পরিবেশ সংকুচিত হয়ে গেছে বলেও মন্তব্য করেন তিনি। আলোচনার সুযোগ তৈরি হলে রাজনৈতিক ভাষায় তা পরিচালনা করা উচিত বলে জানান তিনি।
তিনি বলেন, ‘আমরাও লংমার্চ করেছি। এটি একটি গণতান্ত্রিক অধিকার। পিটিআই ইসলামাবাদে এসে প্রতিবাদ জানাতে চাইলে তাদের বাধা দেওয়া উচিত নয়।’
দেশের রাজনৈতিক পরিস্থিতিতে মধ্যপন্থা ও সহনশীলতার দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে মাওলানা ফজলুর রহমান বলেন, সন্ত্রাসবাদ নির্মূলে জাতীয় পর্যায়ে পরামর্শ ও ঐকমত্য প্রয়োজন। নিজ নিজ এলাকার পরিস্থিতি সম্পর্কে তাদের ভালো ধারণা রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, ‘আমরা সংবিধান ও রাষ্ট্রের সঙ্গে আছি। আমরা সবাই দেশপ্রেমিক।’ এ সময় একটি সর্বদলীয় সম্মেলন আয়োজনের প্রস্তাবও এসেছে বলে জানান তিনি।
মাওলানা ফজলুর রহমান বলেন, নিজ নিজ দলের সঙ্গে পরামর্শ করে একটি অভিন্ন এজেন্ডার ভিত্তিতে সর্বদলীয় সম্মেলন আয়োজন করা হবে। একই সঙ্গে বিরোধী দলের প্রতি সরকারের আচরণও তাদের বিবেচনায় রয়েছে বলে জানান তিনি। সরকারের বর্তমান অবস্থান নিয়ে বৈঠকে বিভিন্ন প্রস্তাবও এসেছে বলে উল্লেখ করেন তিনি।
সূত্র: রোজনামায়ে জং
আইও/