আন্তর্জাতিক ডেস্ক
দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসের (এমস) বাইরে অসুস্থ মেয়ের চিকিৎসার জন্য সাহায্য চাইছিলেন এক মা। বিরল রোগে আক্রান্ত শিশুটির চিকিৎসায় বিপুল অর্থের প্রয়োজনের কথা জানানো হলে তার পাশে দাঁড়ান বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। পরে দিল্লির জামে মসজিদেও জুমার নামাজের পর শিশুটির চিকিৎসার জন্য সহযোগিতার আবেদন করা হয়।
প্রতিবেদন অনুযায়ী, শিশুটি এসএমএ টাইপ-১ নামের একটি বিরল রোগে আক্রান্ত। তার চিকিৎসায় ব্যয়বহুল ইনজেকশনের প্রয়োজন বলে জানানো হয়েছে। মেয়ের চিকিৎসার জন্য অসহায় মায়ের সাহায্য চাওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমের ইনফ্লুয়েন্সার খলিফা (সানি মেহর) ও তাঁর কয়েকজন বন্ধুর নজরে আসে। এরপর তাঁরা শিশুটির চিকিৎসার জন্য অর্থ সংগ্রহের উদ্যোগ নেন।
প্রথমে এমসের বাইরে মানুষের কাছে সহায়তা চাওয়া হয়। পরে বিষয়টি আরও মানুষের কাছে পৌঁছে দিতে জুমার নামাজের পর জামে মসজিদে মুসল্লিদের কাছেও সহযোগিতার আবেদন করা হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক দিনের মধ্যেই প্রায় ৬ কোটি ৩৩ লাখ রুপি সংগ্রহ হয়েছে। তবে শিশুটির চিকিৎসায় মোট প্রায় ৯ কোটি ৭০ লাখ রুপি প্রয়োজন বলে জানানো হয়েছে। বাকি অর্থ সংগ্রহের প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ঘটনাটি ধর্ম-বর্ণের পরিচয়ের ঊর্ধ্বে উঠে অসুস্থ একটি শিশুর চিকিৎসায় মানুষের সহযোগিতার একটি উদ্যোগকে সামনে এনেছে। সূত্র: ইউএনএ নিউজ
এসএইচ/