আন্তর্জাতিক ডেস্ক
হরমুজ প্রণালিতে পৃথক দুটি ঘটনায় দুটি তেলবাহী জাহাজে অজ্ঞাত প্রজেক্টাইলের আঘাত লেগেছে। সোমবারের (২১ সেপ্টেম্বর) এসব ঘটনায় একটি জাহাজের দুই নাবিক সামান্য আহত হয়েছেন বলে জানিয়েছে যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য পরিচালনা সংস্থা ইউকেএমটিও।
প্রথম ঘটনাটি ঘটে হরমুজ প্রণালি দিয়ে বাইরে যাওয়ার সময়। ইউকেএমটিও জানিয়েছে, একটি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসবাহী জাহাজে অজ্ঞাত প্রজেক্টাইলের ধ্বংসাবশেষ আঘাত হানে।
জাহাজটির ক্যাপ্টেন জানিয়েছেন, সব নাবিক নিরাপদ আছেন। এতে পরিবেশের কোনো ক্ষতি হয়নি। জাহাজটি পরবর্তী গন্তব্যের দিকে যাত্রা অব্যাহত রেখেছে। ঘটনার তদন্ত চলছে।
এর আগে একই দিনে প্রণালি দিয়ে ভেতরের দিকে যাওয়ার সময় আরেকটি ট্যাংকারে অজ্ঞাত প্রজেক্টাইল আঘাত হানে। এতে দুই নাবিক সামান্য আহত হন।
তবে জাহাজটি নিজের শক্তিতে চলতে সক্ষম ছিল এবং পরবর্তী গন্তব্যের দিকে যাত্রা অব্যাহত রাখে। এ ঘটনায়ও পরিবেশের কোনো ক্ষতি হয়নি।
দুটি হামলার কোনটি কোথা থেকে চালানো হয়েছে, তা জানায়নি ইউকেএমটিও।
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল নিয়ে উত্তেজনার মধ্যেই এসব ঘটনা ঘটল। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইরানের বিরুদ্ধে বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়ে যাওয়ার অভিযোগ করেছেন। একই সঙ্গে তিনি বলেছেন, হরমুজ দিয়ে তেল ও গ্যাসের সরবরাহ চালু রাখতে কাজ করছে যুক্তরাষ্ট্র।
রয়টার্স জানিয়েছে, যুদ্ধ শুরুর আগের তুলনায় হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল এখনো অনেক কম। গত সপ্তাহান্তে প্রণালিটি দিয়ে ১৭টি পণ্যবাহী জাহাজ চলাচল করেছে। এর আগের সপ্তাহান্তে এই সংখ্যা ছিল ৩৭টি।
তবে কিছু ট্যাংকার তাদের অবস্থান শনাক্ত করার যন্ত্র বন্ধ রেখে চলাচল করছে বলে ধারণা করা হচ্ছে।
মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ২১ সেপ্টেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্রের বাহিনী অবরোধ কার্যকর করার অংশ হিসেবে ১১০টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করেছে।
সূত্র: শাফাক নিউজ
আইও/