আন্তর্জাতিক ডেস্ক-
ভারতের রাজস্থান রাজ্যের বারমের জেলায় মসজিদবিরোধী চলমান প্রশাসনিক কার্যক্রমের প্রতিবাদে বিভিন্ন ধর্মের মানুষ একত্রিত হয়ে বিক্ষোভ ও শান্তিপূর্ণ সমাবেশ করেছেন। এ উপলক্ষে অনুষ্ঠিত ‘সর্বধর্ম সভা’য় হিন্দু, মুসলিমসহ বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
বৃহস্পতিবার (২৫ জুন) সভা শেষে অংশগ্রহণকারীরা একটি শান্তিপূর্ণ র্যালি বের করেন এবং জেলা প্রশাসকের (কালেক্টর) কাছে একটি স্মারকলিপি পেশ করেন। স্মারকলিপিতে তারা ধর্মীয় স্থাপনা সংক্রান্ত যেকোনো সিদ্ধান্ত বা পদক্ষেপ গ্রহণের ক্ষেত্রে আইন, ন্যায়বিচার এবং সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য বিবেচনায় নেওয়ার দাবি জানান।
বক্তারা বলেন, বারমের দীর্ঘদিন ধরে সাম্প্রদায়িক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও গঙ্গা-যমুনা সংস্কৃতির এক উজ্জ্বল উদাহরণ। তাই এ অঞ্চলের ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক স্থিতিশীলতা রক্ষা করা সকল নাগরিকের সম্মিলিত দায়িত্ব।
সমাবেশে বক্তারা শান্তি, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং সামাজিক সম্প্রীতি জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। তারা সব ধরনের বিরোধ ও মতপার্থক্য আইন ও সংবিধানের কাঠামোর মধ্যে থেকে সমাধানের আহ্বান জানান।
অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, প্রশাসন জনগণের উদ্বেগ ও দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।
সূত্র: ইউএনএ নিউজ
আইও/