আন্তর্জাতিক ডেস্ক-
ভারতের আসাম রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রত্যাবর্তন ঘটেছে অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্টের (এআইইউডিএফ) প্রধান মাওলানা বদরুদ্দিন আজমলের। বিন্নাকান্দি (৬২) আসন থেকে নির্বাচিত বিধায়ক হিসেবে শপথ গ্রহণের মাধ্যমে প্রায় দুই দশক পর তিনি আবারও রাজ্য বিধানসভায় প্রবেশ করলেন।
সোমবার (২২ জুন) শপথ গ্রহণ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় আসাম বিধানসভার স্পিকার রঞ্জিত কুমার দাসের দপ্তরে। সেখানে তাঁকে আনুষ্ঠানিকভাবে শপথবাক্য পাঠ করানো হয়। গত মে মাসে অনুষ্ঠিত সম্মিলিত শপথগ্রহণ অনুষ্ঠানে তিনি অংশ নিতে পারেননি, কারণ সে সময় তিনি পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে অবস্থান করছিলেন।
শপথ গ্রহণের পর গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বদরুদ্দিন আজমল বলেন, দলের নেতাকর্মীদের সঙ্গে পরামর্শ করেই তিনি রাজ্য রাজনীতিতে আরও সক্রিয় ভূমিকা পালনের সিদ্ধান্ত নিয়েছেন।
দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, সংখ্যালঘুদের নিরাপত্তা, ক্রমবর্ধমান দ্রব্যমূল্য এবং বৈষম্যমূলক আচরণের অভিযোগ বর্তমানে গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে। তাঁর মতে, সাম্প্রতিক কিছু পরিস্থিতির কারণে সংখ্যালঘু জনগোষ্ঠীর একটি অংশের মধ্যে ভীতির পরিবেশ তৈরি হয়েছে, যা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।
শপথ গ্রহণের পর দেওয়া এক বার্তায় তিনি বিন্নাকান্দি আসনের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, জনগণের দোয়া ও সমর্থন নিয়েই তিনি এ দায়িত্ব গ্রহণ করছেন। এলাকার শান্তি, উন্নয়ন ও সকলকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়ার প্রচেষ্টা অব্যাহত রাখার অঙ্গীকারও ব্যক্ত করেন তিনি।
বদরুদ্দিন আজমল জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ভবিষ্যতেও যেন তারা তাঁর পাশে থেকে দিকনির্দেশনা, সহযোগিতা ও দোয়ার মাধ্যমে সমর্থন জোগান। তিনি বলেন, এই বিজয় মূলত জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতিফলন। সেই আস্থার মর্যাদা রক্ষা করতে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন।
এআইইউডিএফ প্রধান আশা প্রকাশ করেন, জনগণের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো তিনি বিধানসভায় জোরালোভাবে তুলে ধরতে পারবেন এবং আসামের সব শ্রেণি-পেশার মানুষের অধিকার ও কল্যাণে কার্যকর ভূমিকা রাখবেন।
সূত্র: মিল্লাত টাইমস উর্দু
আইও