বুধবার, ২৫ মার্চ ২০২৬ ।। ১১ চৈত্র ১৪৩২ ।। ৬ শাওয়াল ১৪৪৭


যুদ্ধ বন্ধে ৫টি কড়া শর্ত দিলো ইরান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত যুদ্ধ বন্ধের পরোক্ষ আলোচনার অংশ হিসেবে পাঁচটি কঠোর শর্ত দিয়েছে ইরান। ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২-এর বরাতে বুধবার (২৫ মার্চ) এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম মিডল ইস্ট আই।

হিব্রু সংবাদমাধ্যমের বরাত দিয়ে ইসরায়েলি সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধের চুক্তিতে পৌঁছাতে ইরান কিছু কঠোর আনুষ্ঠানিক দাবি তুলে ধরেছে।

ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২-এর প্রতিবেদন অনুযায়ী, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত পরোক্ষ আলোচনার অংশ হিসেবে এই সংঘাত নিরসনে ইরান কিছু কঠোর দাবি তুলে ধরেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরানি কর্মকর্তারা এ নিশ্চয়তা চাইছেন যে, যুদ্ধ আর নতুন করে শুরু হবে না। পাশাপাশি তারা হরমুজ প্রণালীর জন্য এমন একটি নতুন ব্যবস্থা চাচ্ছেন, যার মাধ্যমে ওই এলাকা কার্যত ইরানের নিয়ন্ত্রণে থাকবে।
ইরান মধ্যপ্রাচ্যজুড়ে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো বন্ধ করার দাবি জানিয়েছে। সেই সঙ্গে যুদ্ধের কারণে হওয়া ক্ষয়ক্ষতির জন্য আর্থিক ক্ষতিপূরণও চেয়েছে তারা।

এ ছাড়া বিদ্বেষ ছড়ানো সংবাদমাধ্যমের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছে ইরান। তাদের দাবি, ইরানের বিরুদ্ধে অপপ্রচার বা শত্রুভাবাপন্ন কার্যকলাপে জড়িত সংবাদমাধ্যমের কর্মীদের বা ব্যক্তিদের তাদের কাছে হস্তান্তর করতে হবে অথবা তাদের বিরুদ্ধে বিচার বিভাগীয় ব্যবস্থা নিতে হবে।

এর আগে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত নিরসনে ইরানের কাছে ১৫ দফার একটি প্রস্তাব পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের গণমাধ্যমগুলো জানাচ্ছে, ওয়াশিংটন যুদ্ধ শেষ করার জন্য তেহরানের কাছে এই পরিকল্পনা পাঠিয়েছে।

ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, এই পরিকল্পনায় ইরানকে তার তিনটি প্রধান পারমাণবিক স্থাপনা ভেঙে ফেলতে এবং ইরানের মাটিতে যেকোনো ধরনের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করতে বলা হয়েছে। এতে তেহরানকে তার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি স্থগিত করতে, প্রক্সিদের প্রতি সমর্থন কমাতে এবং হরমুজ প্রণালি সম্পূর্ণরূপে পুনরায় খুলে দিতেও আহ্বান জানানো হয়েছে।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ