বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ।। ৮ শ্রাবণ ১৪৩৩ ।। ৯ সফর ১৪৪৮

শিরোনাম :

ইসলামের আলোকে দেশ পরিচালিত হলে জনপ্রত্যাশা পূরণ হতো: গাজী আতাউর রহমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, স্বাধীনতার অর্ধশত বছর পরও দেশের ৩৮ শতাংশের বেশি মানুষ স্বাস্থ্যকর খাবার কিনতে অসমর্থ হওয়া রাষ্ট্রের ধারাবাহিক ব্যর্থতার প্রতিফল। অতীতে যারা রাষ্ট্র পরিচালনা করেছেন, তাদের সবাইকে এ দায় বহন করতে হবে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) ফেনী জেলা শাখার উদ্যোগে আয়োজিত জেলা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা সভাপতি মাওলানা গাজী এনামুল হক ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা নুরুল করীম আকরাম এবং মাওলানা ফরিদ উদ্দিন আল মোবারক।

মাওলানা গাজী আতাউর রহমান বলেন, জাতিসংঘের একটি সংস্থার প্রতিবেদন অনুযায়ী ২০২৫ সালে বাংলাদেশের ৩৮ দশমিক ৬ শতাংশ, অর্থাৎ প্রায় ৬ কোটি ৭৮ লাখ মানুষ পুষ্টিকর খাদ্য কেনার সামর্থ্য হারিয়েছেন। প্রতিবেদনে ‘স্বাস্থ্যকর খাদ্যতালিকা’ বলতে প্রতিদিন মাথাপিছু ২ হাজার ৩৩০ কিলোক্যালরি শক্তি সরবরাহে সক্ষম খাদ্যকে বোঝানো হয়েছে।

তিনি বলেন, এই বাস্তবতা বাংলাদেশ নামীয় রাষ্ট্রের সম্মিলিত ব্যর্থতার প্রতিফল। অতীতে যারাই রাষ্ট্র পরিচালনা করেছেন, তাদের সবাইকে এর দায় নিতে হবে। সঠিক নীতি ও যোগ্য নেতৃত্বের সমন্বয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাষ্ট্রকে এ সংকট থেকে বের করে আনতে চায়। আমরা সকল নাগরিকের জন্য স্বাস্থ্যকর খাদ্য, নিরাপদ আবাসন, কার্যকর শিক্ষা ও সহজলভ্য চিকিৎসা নিশ্চিত করতে চাই।

তিনি আরও বলেন, যে ইসলাম হাজার বছর ধরে এ জাতিকে মুক্তির পথ দেখিয়েছে, সেই ইসলামকে রাষ্ট্র পরিচালনার ভিত্তি হিসেবে প্রতিষ্ঠা করতে চেয়েছিলাম। ইসলামের আলোকে দেশ পরিচালিত হলে মানুষের প্রত্যাশা পূরণ হতো। জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতা যে প্রত্যাশা নিয়ে জীবনবাজি রেখেছিল, তা এখনো পূরণ হয়নি। প্রয়োজনীয় সংস্কারও বাস্তবায়িত হয়নি; রাষ্ট্র এখনও পুরোনো ধারা ও পদ্ধতিতেই চলছে।

মহাসচিব বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ একাত্তর, জুলাইসহ দেশের মানুষের সকল ন্যায্য আন্দোলন-সংগ্রামের প্রতি দায়বদ্ধ। তাই জাতির প্রত্যাশা পূরণ এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।

সম্মেলনের শেষ পর্বে ২০২৭-২৮ সেশনের জন্য ফেনী জেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে প্রিন্সিপাল মাওলানা নুরুল করীম সভাপতি এবং মাওলানা একরামুল হক ভূঁইয়া সাধারণ সম্পাদক মনোনীত হন।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ