হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর
আমাদের ইলমি-আমলি মারকাজ, আদর্শিক সংগ্রাম ও চেতনার সূতিকাগার দারুল উলুম দেওবন্দ। ইলমে নববীর আলোকধারায় উদ্ভাসিত, স্বচ্ছ ধারার ওলামা-মাশায়েখ তৈরি করা এবং ব্রিটিশবিরোধী আজাদি আন্দোলনের গতিধারা বেগবান করা ছিল ঐতিহ্যবাহী এই দীনি শিক্ষাকেন্দ্রের বুনিয়াদ রচনার অন্যতম প্রধান লক্ষ্য।
১৮৫৭ সালে ব্রিটিশবিরোধী ঐতিহাসিক সিপাহী বিদ্রোহ সংঘটিত হয়। এর নয় বছর পর ১৮৬৬ সনের ৩০ মে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা এক ঐতিহাসিক তাৎপর্য বহন করে। যুগে যুগে বাতিল অপশক্তির যত চক্রান্ত সবই নস্যাৎ করতে দারুল দেওবন্দের ঈমানি চেতনাদীপ্ত সন্তানেরা এগিয়ে এসেছেন তেজোদৃপ্ত মনোবল নিয়ে। ইলমে দীনের প্রচার-প্রসার, ইসলামি তাহজিব-তামাদ্দুন এবং ইসলামি রাজনীতির বিকাশধারায় এটিই আমাদের সংগ্রামী চেতনার বাতিঘর।