রবিবার, ১২ এপ্রিল ২০২৬ ।। ২৯ চৈত্র ১৪৩২ ।। ২৪ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
সপ্রাণ ভাষা আরবি: শেখার কিছু জীবন্ত কৌশল এমন সশস্ত্র বাহিনী চাই, বহিঃশক্তি যাদের সমীহ করবে: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার ঘোষণা ‍দিলো ইরান রাজনীতিবিদদের ঘরে ঘরে গিয়ে হামের টিকার তথ্য দেয়ার আহ্বান, স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ইরানে এখনও ইসরায়েলি অভিযান শেষ হয়নি: ভিডিওবার্তায় নেতানিয়াহু নবনির্বাচিত দুই সংসদ সদস্যের শপথগ্রহণ আজ ‘নদীভাঙন রোধে স্থায়ী সমাধান আনতে কাজ করছে সরকার’ লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ছাড়াল ‘দুইহাজার’ সমঝোতা না-হওয়ার কারণ জানালো ইরান ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক: সম্ভব হয়নি সমঝোতা, ফিরে যাচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট

নির্বাচনের পর ঢাকায় দূতাবাস খুলবে আজারবাইজান 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের দুই কন্যা—লায়লা আলিয়েভা ও আরজু আলিয়েভা আজ রবিবার (৭ ডিসেম্বর) ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সাক্ষাতে দুই বন্ধুত্বপূর্ণ দেশের মধ্যে সাংস্কৃতিক ও পরিবেশগত বিষয়ে সম্পর্ক জোরদার এবং উভয় দেশের জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর উপায় নিয়ে আলোচনা হয়।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বাকুতে তাঁর একাধিক সফর এবং গত বছর শেষের দিকে কোপ-২৯ সম্মেলনে প্রেসিডেন্ট আলিয়েভের সঙ্গে সাক্ষাতের কথা স্মরণ করেন। তিনি বাংলাদেশ ও আজারবাইজানের মধ্যে বাণিজ্য, জ্বালানি ও অর্থনৈতিক সহযোগিতা আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব আরোপ করেন।

হেইদার আলিয়েভ ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট এবং আইডিয়া পাবলিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা ও প্রধান লায়লা আলিয়েভা প্রধান উপদেষ্টার কাছে প্রেসিডেন্ট আলিয়েভের আন্তরিক শুভেচ্ছা পৌঁছে দেন। তিনি বন্যপ্রাণী সংরক্ষণসহ পরিবেশ খাতে সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানান।

আজারবাইজান প্রেসিডেন্টের কন্যাদের এটি ছিল বাংলাদেশে প্রথম সফর। বৈঠকে জানানো হয়, লায়লা ও আরজু আলিয়েভা ঢাকায় অনাথ ও অভিভাবকহীন শিশুদের সহায়তায় নিয়োজিত একটি স্থানীয় প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন।

সাক্ষাতে তারা জানান, হেইদার আলিয়েভ ফাউন্ডেশন ও আইডিয়া পাবলিক ইউনিয়ন বাংলাদেশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যৌথভাবে মানবিক, সামাজিক, যুব, স্বেচ্ছাসেবী, পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ-সংক্রান্ত বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে আগ্রহী।

বাংলাদেশে আজারবাইজানের অনাবাসিক রাষ্ট্রদূত এলচিন হুসেইনলি বৈঠকে জানান, আসন্ন নির্বাচনের পরে ঢাকায় আজারবাইজানের একটি দূতাবাস খোলার প্রক্রিয়া চলছে। গত নভেম্বর মাসে প্রধান উপদেষ্টার অনুরোধের পরিপ্রেক্ষিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ঢাকায় দূতাবাস স্থাপন দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে।

বৈঠকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ