সোমবার, ২৯ জুন ২০২৬ ।। ১৫ আষাঢ় ১৪৩৩ ।। ১৪ মহর্‌রম ১৪৪৮


কাল ধোয়া হবে পবিত্র কাবা, প্রস্তুতি শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

আন্তর্জাতিক ডেস্ক

ইসলামি বিশ্বের অন্যতম ঐতিহ্যবাহী ও আধ্যাত্মিক আয়োজন ‘গুসলে কাবা’ আগামীকাল (৩০ জুন, মঙ্গলবার) ১৪৪৮ হিজরির ১৫ মহররম অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে সৌদি আরবের দুই পবিত্র মসজিদের পরিচালনাকারী কর্তৃপক্ষ।

ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী, ৬৩০ খ্রিস্টাব্দে মক্কা বিজয়ের পর মহানবী হজরত মুহাম্মদ (সা.) কাবা শরিফে প্রবেশ করে জমজমের পানি দিয়ে এর অভ্যন্তর পরিষ্কার করেছিলেন। সেই সুন্নাহর ধারাবাহিকতায় শতাব্দীর পর শতাব্দী ধরে কাবা শরিফ ধৌত করার এ ঐতিহ্য পালিত হয়ে আসছে।

গুসলে কাবার সময় কাবার অভ্যন্তর জমজমের পানি, তায়েফের গোলাপজল, গোলাপ তেল, উদ (আগরউড) তেল ও কস্তুরীর বিশেষ মিশ্রণে ধৌত করা হয়। এরপর সাদা কাপড় দিয়ে ভেতরের অংশ মুছে শুকানো হয় এবং সুগন্ধি ছিটিয়ে অনুষ্ঠান সম্পন্ন করা হয়।

এ আয়োজন সাধারণত সৌদি বাদশাহ বা তাঁর মনোনীত প্রতিনিধির তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়। এতে দুই পবিত্র মসজিদের সংশ্লিষ্ট কর্মকর্তারা, আলেম এবং কাবার চাবির দায়িত্বপ্রাপ্ত বনু শায়বা পরিবারের সদস্যরা অংশ নেন।

কাবা শরিফের অভ্যন্তর সাধারণ মানুষের জন্য উন্মুক্ত না থাকলেও ধৌতকরণ অনুষ্ঠান বিশ্বের বিভিন্ন গণমাধ্যম ও ডিজিটাল প্ল্যাটফর্মে সম্প্রচার করা হয়। প্রায় ১,৪০০ বছরের বেশি সময় ধরে চলে আসা এই আয়োজন মুসলিম বিশ্বের কাছে নবীজি (সা.)-এর সুন্নাহ, আধ্যাত্মিকতা ও পবিত্র কাবার প্রতি ভালোবাসার এক অনন্য প্রতীক।

তথ্যসূত্র: হারামাইন শরিফাইন প্রেসিডেন্সি

এসএইচ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ