রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘জুলাই কেন আমাদের লড়াই’ বইয়ের রিভিউ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গহরপুর জামিয়ার ১০ সালা দস্তারবন্দি সম্মেলন বৃহস্পতিবার, ব্যাপক প্রস্তুতি আনন্দমুখর পরিবেশে শুরু নূরানী বোর্ডের ২০তম সমাপনী পরীক্ষা মারকাযুল ফুরকানের ৪৫ জন শিশুর কুরআনের সবক গ্রহণ আটকের পর মাওলানা ফজলুর রহমানের ছেলেকে ছেড়ে দিয়েছে পুলিশ ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষা: কেন্দ্রের কর্মকর্তাদের জন্য ২৫ নির্দেশনা ফ্যাসিবাদ ও দেশব্যাপী নৈরাজ্যের বিরুদ্ধে হেফাজতের বিক্ষোভ কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে প্রার্থী দিচ্ছে ইসলামী আন্দোলন নেয়ামতের কদর করতে হবে হারানোর আগেই: মসজিদে নববির খতিব

আল্লামা ফুরকানুল্লাহ খলীলের কলমে ‘ইকবালের প্রদীপ্ত কাব্য’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

|| তারেক আব্দুল্লাহ ||

ভারতীয় উপমহাদেশের সাংস্কৃতিক আকাশে ডক্টর মুহাম্মদ ইকবাল এক প্রোজ্জ্বল নক্ষত্রের নাম। তিনি ছিলেন একাধারে কবি, দার্শনিক, রাষ্ট্রচিন্তক ও আধ্যাত্মিক ব্যক্তিত্ব। তাঁর কথাবার্তা, সাহিত্য ও কবিতায় অসাধারণ চিন্তাশক্তি, মৌলিকত্ব ও গভীরতার পরিচয় পাওয়া যায়। তাঁর প্রতিটি কবিতার পরতে পরতে ফুটে উঠেছে চিন্তার স্বাতন্ত্র্য ও দর্শনের গভীরতা।

কিন্তু আমাদের কমিউনিটিতে ইকবালচর্চার অবস্থান কোন পর্যায়ে? তাঁকে আমরা কতটুকুই বা চিনি?

ইকবালচর্চার পরিসর আসলে অনেক বিস্তৃত। কারণ, ইকবাল কেবল একজন কবি ছিলেন না। তাঁর জীবন ও চিন্তাজগুড়ে ছিল কবিতা, দর্শন, রাষ্ট্রভাবনা, আধ্যাত্মিকতাসহ নানা বিষয়। কিন্তু দুঃখজনকভাবে, আমাদের কমিউনিটিতে তাঁর চর্চার ক্ষেত্রে একধরনের বিভাজন তৈরি হয়েছে। কেউ কবিতাকেই ইকবালের পুরো পরিচয় মনে করেন, কেউ গুরুত্ব দেন তাঁর দর্শনকে, আবার কেউ আধ্যাত্মিকতাকেই প্রাধান্য দেন। ফলে যে ইকবাল বহুমাত্রিক চর্চার দাবি রাখেন, সেই সামগ্রিক ইকবালচর্চা খুব একটা হয়ে উঠছে না। বিষয়ভিত্তিক ধারাবাহিক অধ্যয়ন ও অনুশীলনের অভাবে তাঁকে সামগ্রিকভাবে জানা এবং তাঁর চিন্তাজগৎকে যথাযথভাবে উপলব্ধি করা সম্ভব হচ্ছে না।

এর আরেকটি দুর্বল দিক হলো, যাঁরা ইকবালের যে দিকটি নিয়ে অধ্যয়ন বা চর্চা করেন, তাঁরা অনেক সময় তাঁকে সেই নির্দিষ্ট পরিচয়ের মধ্যেই সীমাবদ্ধ করে ফেলেন। ফলে তাঁর অন্য দিকগুলো অজানাই থেকে যায়। তাছাড়া তাঁর পুরো জীবন ও চিন্তাজগৎকে এক মলাটে সমৃদ্ধভাবে উপস্থাপন করে, এমন গ্রন্থেরও অভাব রয়েছে। অথচ এমন একটি গ্রন্থের মাধ্যমে তাঁকে পড়া ও জানার পথ অনেক সহজ হতে পারত।

এ জায়গায় এসে খ্যাতিমান মনীষী আল্লামা আবুল হাসান আলী নদভী (রহ.) একটি অনবদ্য কাজ করেছেন। ‘রাওয়াইউ ইকবাল’ নামে একটি গ্রন্থে তিনি ইকবালের জীবনকে সংক্ষিপ্ত পরিসরে তুলে ধরার প্রয়াস চালিয়েছেন। ইকবালচর্চার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বই। এতে ইকবালের জীবন ও কর্ম অসাধারণ ভঙ্গিমায় বিবৃত হয়েছে। গ্রন্থটি পাঠের মাধ্যমে তাঁর কবিতা, রাষ্ট্রচিন্তা ও আধ্যাত্মিকতাসহ চিন্তাজগতের বিভিন্ন দিক সম্পর্কে মোটামুটি একটি সামগ্রিক ধারণা পাওয়া সম্ভব।

আল্লামা আলী মিয়া নদভী গ্রন্থটি আরবি ভাষায় রচনা করেছেন। ফলে আমাদের কমিউনিটির সব শ্রেণির পাঠকের পক্ষে সরাসরি এ গ্রন্থ থেকে উপকৃত হওয়া সম্ভব নয়। দীর্ঘদিন ধরেই বাংলাভাষী পাঠকেরা এর একটি মানসম্মত অনুবাদের অপেক্ষায় ছিলেন। সেই শূন্যতা ধীরে ধীরে পূরণ হতে শুরু করেছে। কিছুদিন আগে ‘ইকবাল সাহিত্য’ নামে একটি অনুবাদগ্রন্থ বাজারে এসেছে। এবার বিশিষ্ট আরবি সাহিত্যিক ও স্বতন্ত্র ইকবাল গবেষক, চট্টগ্রামের বহুল পরিচিত দ্বীনি প্রতিষ্ঠান জামেয়া দারুল মা'আরিফ আল-ইসলামিয়ার সম্মানিত পরিচালক, পরম শ্রদ্ধেয় আল্লামা ফুরকানুল্লাহ খলীলের শব্দনৈপুণ্যে ‘ইকবালের প্রদীপ্ত কাব্য’ নামে আরও একটি অনুবাদ প্রকাশিত হতে যাচ্ছে।

আশা করা যায়, এটি একটি অনবদ্য অনুবাদকর্ম হিসেবে পাঠকের সামনে হাজির হবে। এ ধরনের অনুবাদগ্রন্থের মাধ্যমে বাংলাভাষী পাঠকদের মধ্যে ইকবালের বহুমাত্রিক চিন্তা ও সাহিত্য নিয়ে চর্চার নতুন দুয়ার উন্মোচিত হবে। সেই সঙ্গে আমাদের কমিউনিটিতে সামগ্রিক ইকবালচর্চার যে শূন্যতা রয়েছে, তা অনেকটাই কমে আসবে বলে মনে করি।

লেখক: শিক্ষার্থী, জামেয়া দারুল মা'আরিফ আল-ইসলামিয়া, চট্টগ্রাম।

এসএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ