শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ ।। ১৫ কার্তিক ১৪৩৩ ।। ২০ জমাদিউল আউয়াল ১৪৪৮


কবর যিয়ারত করতে সরাসরি কবরের সামনে যাওয়া কি জরুরি?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আওয়ার ইসলাম ডেস্ক 

কবর যিয়ারতের জন্য সরাসরি কবরের সামনে যাওয়া বাধ্যতামূলক নয়। তবে কবরস্থানে গিয়ে কবর যিয়ারত করা সুন্নত। এতে বিশেষ ফজিলত রয়েছে। কারণ, কবর যিয়ারত মানুষকে দুনিয়ার মোহ থেকে দূরে রাখে। আখিরাতের কথা স্মরণ করিয়ে দেয়। 

এ প্রসঙ্গে হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,

عَنْ ابْنِ مَسْعُودٍ أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم قَالَ: كُنْتُ نَهَيْتُكُمْ عَنْ زِيَارَةِ الْقُبُورِ فَزُورُوهَا فَإِنَّهَا تُزَهِّدُ فِي الدُّنْيَا وَتُذَكِّرُ الْآخِرَةَ

‘আমি তোমাদের কবর যিয়ারত করতে নিষেধ করেছিলাম। কিন্তু এখন তোমরা কবর যিয়ারত করো। কেননা, তা দুনিয়ার প্রতি অনাসক্তি সৃষ্টি করে এবং আখিরাতের কথা স্মরণ করিয়ে দেয়।’ (জামে তিরমিযি, হাদিস: ১০৫৪) 

তবে মৃত ব্যক্তির জন্য দোয়া ও ইস্তিগফার করতে সরাসরি কবরের সামনে উপস্থিত হওয়া জরুরি নয়। মসজিদের বারান্দা কিংবা অন্য কোনো স্থান থেকেও মৃত ব্যক্তির জন্য দোয়া করা যায়।

এ বিষয়ে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা মুমিনদের একটি দোয়া শিক্ষা দিয়েছেন। ইরশাদ হয়েছে,

وَالَّذِينَ جَاءُوا مِنْ بَعْدِهِمْ يَقُولُونَ رَبَّنَا اغْفِرْ لَنَا وَلِإِخْوَانِنَا الَّذِينَ سَبَقُونَا بِالْإِيمَانِ وَلَا تَجْعَلْ فِي قُلُوبِنَا غِلًّا لِلَّذِينَ آمَنُوا رَبَّنَا إِنَّكَ رَءُوفٌ رَحِيمٌ

‘আর যারা তাদের পরে এসেছে, তারা বলে, হে আমাদের প্রতিপালক! আমাদের ক্ষমা করুন এবং আমাদের সেই ভাইদেরও ক্ষমা করুন, যারা ঈমানের সঙ্গে আমাদের আগে চলে গেছেন। আর মুমিনদের ব্যাপারে আমাদের অন্তরে কোনো বিদ্বেষ রাখবেন না। হে আমাদের প্রতিপালক! নিশ্চয়ই আপনি অতি স্নেহশীল, পরম দয়ালু।’ (সূরা হাশর, আয়াত: ১০) 

এ আয়াত থেকে বোঝা যায়, পূর্ববর্তী মুমিনদের জন্য দোয়া ও ক্ষমা প্রার্থনা করতে কবরের সামনে উপস্থিত থাকা শর্ত নয়। বরং যেকোনো স্থান থেকেই মৃত মুমিনদের জন্য দোয়া ও ইস্তিগফার করা যায়।

এসএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ