মুন্সিগঞ্জ জেলার সদর উপজেলার দরগাবাড়ি গ্রামে অবস্থিত বাবা আদম শাহ মসজিদ বাংলাদেশের অন্যতম প্রাচীন স্থাপনা। ১৪৮৩ সালে নির্মিত এ মসজিদটির বয়স আজ সাড়ে ৫০০ বছরেরও বেশি। এখনও এখানে নিয়মিত জামাতে নামাজ আদায় করা হয়। মসজিদ চত্বরে অবস্থিত রয়েছে বাবা আদম (রহ.)-এর মাজারও।
জনশ্রুতি অনুসারে বাবা আদম (রহ.) ১০৯৯ সালে সৌদি আরবের তায়েফ শহরে জন্মগ্রহণ করেন। কিশোর বয়সেই তিনি আধ্যাত্মিক সাধনায় মনোনিবেশ করেন এবং পরবর্তীতে ইরাকের বাগদাদে গিয়ে হযরত আবদুল কাদের জিলানি (রহ.)-এর কাছে দীক্ষা গ্রহণ করেন। পরবর্তীতে ধর্ম প্রচারের উদ্দেশ্যে তিনি উপমহাদেশে আসেন।
১১৭৮ সালে তিনি বর্তমান মুন্সিগঞ্জের মিরকাদিম এলাকায় আসেন—তখন অঞ্চলটি সেন শাসক বল্লাল সেনের অধীনে ছিল। প্রচলিত কাহিনি অনুযায়ী, বল্লাল সেন মুসলমানদের ধর্মীয় অনুশীলন নিষিদ্ধ করেছিলেন। বাবা আদম (রহ.) সেই নিষেধ অমান্য করে আজান ও নামাজের প্রচলন পুনরায় শুরু করেন। এতে সংঘর্ষ বাধে, এবং এক যুদ্ধে তিনি শহীদ হন বলে জনশ্রুতি রয়েছে।