মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৪ জমাদিউস সানি ১৪৪৮


পবিত্র কুরআনের আদলে তৈরি মক্কার প্রবেশদ্বার, অনন্য স্থাপত্যের নিদর্শন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

পবিত্র নগরী মক্কায় প্রবেশের পথে দর্শনার্থীদের স্বাগত জানায় দৃষ্টিনন্দন এক স্থাপত্য নিদর্শন ‘মক্কা গেট’। মক্কা-জেদ্দা মহাসড়কের প্রবেশমুখে অবস্থিত এই প্রবেশদ্বার শুধু একটি স্থাপনা নয়; বরং পবিত্র কোরআনের প্রতি মুসলমানদের গভীর ভালোবাসা ও ইসলামি ঐতিহ্যের অনন্য প্রতীক।

স্থাপনাটির নকশা করা হয়েছে পবিত্র কুরআনকে রেহালের ওপর খোলা অবস্থায় রাখার আদলে। কুরআনের দুই পৃষ্ঠার মতো বিস্তৃত এর কাঠামো দূর থেকেই দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে। জ্যামিতিক নকশায় নির্মিত এই প্রবেশদ্বারে ইসলামি স্থাপত্যের সৌন্দর্য ও ধর্মীয় আবহের অপূর্ব সমন্বয় ঘটেছে।

স্থাপনাটির খোলা বইয়ের মতো দুই পৃষ্ঠার প্রতিটির দৈর্ঘ্য প্রায় সাড়ে ১৬ মিটার এবং প্রস্থ ২৬ মিটার। সড়কের ওপর ২৩ থেকে ৩১ মিটার উচ্চতায় বিস্তৃত এর কাঠামো প্রবেশদ্বারটিকে দিয়েছে বিশাল ও রাজকীয় অবয়ব।

সৌদি শিল্পী আজিজ দিয়ার নকশায় নির্মিত হয়েছে এই স্থাপত্য নিদর্শন। মুসলমানদের কাছে পরিচিত কাঠের কুরআন রাখার রেহাল থেকে অনুপ্রেরণা নিয়ে তিনি সেটিকে বৃহৎ স্থাপত্যশিল্পে রূপ দিয়েছেন।

স্থাপনাটির মূল নির্মাণ উপকরণ হিসেবে ব্যবহার করা হয়েছে শক্তিশালী কংক্রিট। পাশাপাশি রয়েছে কাচ, কাঠ এবং খিলানের নিচে আলোকসজ্জিত ইসলামি মোজাইক। এর গায়ে ব্যবহৃত হয়েছে বিভিন্ন ইসলামি নকশা, জ্যামিতিক অলংকরণ ও আরবি ক্যালিগ্রাফি। সব মিলিয়ে স্থাপনাটিতে ফুটে উঠেছে মক্কার ধর্মীয় ও সাংস্কৃতিক পরিচয়।

মক্কায় আগত দর্শনার্থীদের স্বাগত জানানোর পাশাপাশি এই প্রবেশদ্বার পবিত্র কোরআনের প্রতি মুসলমানদের শ্রদ্ধা ও ভালোবাসার এক নান্দনিক বহিঃপ্রকাশ হয়ে উঠেছে। অনন্য নকশা ও ধর্মীয় তাৎপর্যের কারণে এটি পবিত্র নগরীর অন্যতম পরিচিত স্থাপত্য নিদর্শনে পরিণত হয়েছে।

সূত্র: হারামাইন আর্কাইভ

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ