আন্তর্জাতিক ডেস্ক
বিখ্যাত মুসলিম স্কলার ডা. জাকির নায়েকের সংস্থা ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের (আইআরএফ) ওপর আরোপিত নিষেধাজ্ঞার মেয়াদ শুক্রবার (১৩ নভেম্বর) আরও পাঁচ বছর বাড়িয়েছে ভারত সরকার। সংস্থাটিকে বেআইনি ঘোষণা করে বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইন বা ইউএপিএর আওতায় এ নিয়ে তৃতীয়বারের মতো নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হলো। ২০১৬ সালে প্রথমবার সংস্থাটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল।
ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের (এমএইচএ) দাবি, ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের ওপর নিষেধাজ্ঞা না থাকলে সংস্থাটি মানুষের মন বিষিয়ে তুলে দেশের ধর্মনিরপেক্ষ কাঠামোর ক্ষতি করতে পারে।
সরকারের অভিযোগ, ডা. জাকির নায়েক তার বক্তব্যের মাধ্যমে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে বিদ্বেষ ও শত্রুতা ছড়ান। পাশাপাশি তরুণদের উগ্রবাদের দিকে আকৃষ্ট করেন। এতে ভারতের ধর্মনিরপেক্ষ কাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে বলে মনে করে সরকার।
তবে দেশটির অন্যান্য সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে গুরুতর অপরাধের অভিযোগ ও মামলা থাকার পরও সেসব সংগঠনের বিরুদ্ধে কেন একই ধরনের নিষেধাজ্ঞার উদ্যোগ নেওয়া হয় না, তা নিয়ে প্রশ্ন তুলেছে সংশ্লিষ্ট মহল।
উল্লেখ্য, ২০১৬ সালে প্রথমবার নিষেধাজ্ঞা আরোপের পর ডা. জাকির নায়েক একে সাম্প্রদায়িক ও রাজনৈতিক সিদ্ধান্ত বলে অভিহিত করেছিলেন। তাঁর অভিযোগ ছিল, সরকার তাঁর সঙ্গে কোনো ধরনের জিজ্ঞাসাবাদ করেনি এবং নিজের অবস্থান তুলে ধরার যথাযথ সুযোগও দেয়নি।
সে সময় নিষেধাজ্ঞার সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে জাকির নায়েক বলেছিলেন, এটি মুসলমান, গণতন্ত্র ও ন্যায়বিচারের ওপর আঘাত। সূত্র: মিল্লাত টাইমস উর্দু
এসএইচ/