আন্তর্জাতিক ডেস্ক:
পবিত্র মসজিদুল হারামের সম্মানিত ইমাম ও খতিব, বিশ্বখ্যাত কুরআনের কারী এবং ইসলামি ব্যক্তিত্ব অধ্যাপক ড. মাহের আল-মুয়াইকলী ইসলামি ফিকহ (ইসলামি আইনশাস্ত্র) বিষয়ে অধ্যাপক (Professor) পদে পদোন্নতি লাভ করেছেন।
তাঁর এ পদোন্নতিতে ইসলামি বিশ্বের আলেম-উলামা, শিক্ষাবিদ, শিক্ষার্থী ও মুসলিম সমাজের বিভিন্ন স্তরের মানুষ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তাঁরা মহান আল্লাহর কাছে দোয়া করেছেন, যেন তিনি ড. মাহের আল-মুয়াইকলীর জ্ঞান, গবেষণা ও কর্মে আরও বরকত দান করেন, তাঁকে উত্তম তাওফিক ও হিদায়াত প্রদান করেন এবং তাঁর জ্ঞানকে ইসলাম ও মুসলিম উম্মাহর জন্য আরও অধিক কল্যাণকর করে তোলেন।
শুভেচ্ছা বার্তায় বলা হয়, ড. মাহের আল-মুয়াইকলীর এই পদোন্নতি তাঁর দীর্ঘদিনের শিক্ষা, গবেষণা ও ইসলামের সেবায় নিবেদিত প্রচেষ্টার স্বীকৃতি। একই সঙ্গে এটি ভবিষ্যতে ইসলামী ফিকহ, শিক্ষা ও দাওয়াহর ক্ষেত্রে আরও বিস্তৃত অবদান রাখার অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলে আশা প্রকাশ করা হয়।
বিশ্বজুড়ে কোটি কোটি মুসলমানের কাছে প্রিয় ক্বারি হিসেবে পরিচিত ড. মাহের আল-মুয়াইকলী তাঁর সুমধুর কণ্ঠে কুরআন তিলাওয়াতের পাশাপাশি ইসলামী শিক্ষা, গবেষণা ও দাওয়াতি কার্যক্রমেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। মসজিদুল হারামে ইমামতি ও খুতবা প্রদানের পাশাপাশি তিনি দীর্ঘদিন ধরে উচ্চশিক্ষা ও ইসলামী আইনশাস্ত্রের বিভিন্ন ক্ষেত্রে শিক্ষকতা ও গবেষণার সঙ্গে যুক্ত রয়েছেন।
ইসলামি অঙ্গনের বিশিষ্টজনরা আশা প্রকাশ করেছেন, অধ্যাপক পদে পদোন্নতির মাধ্যমে ড. মাহের আল-মুয়াইকলী ভবিষ্যতে ইসলামি জ্ঞানচর্চা, গবেষণা এবং মুসলিম উম্মাহর কল্যাণে আরও গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবেন। সূত্র: হারামাইন আর্কাইভ
আওয়ার ইসলাম/জেডএম
