শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ ।। ১৯ আষাঢ় ১৪৩৩ ।। ১৮ মহর্‌রম ১৪৪৮


কেনো বাবার জানাজায় উপস্থিত থাকছেন না মোজতবা খামেনি


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিরাপত্তা ঝুঁকি ও গুপ্তচরবৃত্তির আশঙ্কায় নিজের পিতার জানাজা ও শেষকৃত্য অনুষ্ঠানে স্বশরীরে উপস্থিত থাকছেন না ইরানের বর্তমান ধর্মীয় নেতা মোজতবা খামেনি। ভারতে নিযুক্ত তার বিশেষ প্রতিনিধি আয়াতুল্লাহ হাকিম এলাহী সংবাদমাধ্যম এএনআইকে এই তথ্য জানান। 

আয়াতুল্লাহ হাকিম এলাহী জানান, ইসরায়েলের অব্যাহত হুমকি ও ড্রোন নজরদারির কারণে এই মুহূর্তে মোজতবা খামেনির জনসমক্ষে আসা অত্যন্ত বিপজ্জনক। 

সূত্রে জানা যায়, আয়াতুল্লাহ আলী খামেনির এই রাষ্ট্রীয় শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে ভারত সরকারের পক্ষ থেকে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল তেহরানে যাচ্ছে। কূটনৈতিক সূত্রে জানা গেছে, ভারতের এই প্রতিনিধিদলে থাকছেন বিহারের গভর্নর জেনারেল সৈয়দ আতা হাসনাইন এবং ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটা। এ ছাড়া দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল কংগ্রেসের পক্ষ থেকে দলটির বর্ষীয়ান নেতা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদ এই দাফন প্রক্রিয়ায় অংশ নেবেন। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ব্যক্তিগতভাবে আমন্ত্রণ জানালেও চলমান ভূ-রাজনৈতিক সমীকরণের কারণে প্রধানমন্ত্রী নিজে এই সফরে যাচ্ছেন না।

ইসলামী শরিয়াহ ও ফেকাহ শাস্ত্র অনুযায়ী মৃত্যুর পর দ্রুত (সাধারণত ২৪ ঘণ্টার মধ্যে) লাশ দাফনের নিয়ম থাকলেও খামেনির ক্ষেত্রে তা দীর্ঘ চার মাস পিছিয়ে দেওয়া হয়। বিশ্লেষকদের মতে, যুদ্ধ পরিস্থিতির কারণে উদ্ভূত বিশেষ পরিস্থিতিতে ধর্মীয় ফতোয়া বা ছাড়ের ওপর ভিত্তি করেই এই ব্যতিক্রমী সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খামেনির শেষ বিদায়কে কেন্দ্র করে তেহরানের রাজপথগুলোতে লাখ লাখ মানুষের ঢল নামবে বলে মনে করছে প্রশাসন।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি তেহরানের একটি কম্পাউন্ডে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হন দীর্ঘ ৩৬ বছর ইরান শাসন করা আলী খামেনি। সেই একই হামলায় মোজতবা খামেনিও গুরুতর আহত হয়েছিলেন বলে গুঞ্জন রয়েছে। আগামী ৪ জুলাই (শনিবার) তেহরানে শুরু হতে যাওয়া এই ঐতিহাসিক জানাজা ও শোক মিছিলের আনুষ্ঠানিকতা চলবে টানা ছয় দিন ধরে। এরপর আগামী ৯ জুলাই উত্তর-পূর্বাঞ্চলের পবিত্র নগরী মাশহাদে দাফনের মাধ্যমে এই রাষ্ট্রীয় বিদায় পর্বের সমাপ্তি ঘটবে। ৭ জুলাই শিয়াদের অন্যতম পবিত্র শহর কোমেও বিশেষ ধর্মীয় আচার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

আওয়ার ইসলাম/জেডএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ