নিজস্ব প্রতিবেদক:
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের অন্তর্গত উত্তরা দক্ষিণ খান থানা শাখার দায়িত্বশীলদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আগামী ১১ জুলাই জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিতব্য ঢাকা মহানগর উত্তর শাখার কাউন্সিল সফল করার লক্ষ্যে সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি ২১ সদস্যবিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) সকালে জামিয়া মোহাম্মাদিয়া মাদরাসার মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন থানা শাখার আহ্বায়ক মাওলানা হারুনুর রশিদ।
সভায় মাওলানা হারুনুর রশিদকে আহ্বায়ক, মাওলানা শহীদুল্লাহকে যুগ্ম আহ্বায়ক এবং মাওলানা আব্দুল মান্নানকে সদস্য সচিব করে ২১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মতিউর রহমান গাজীপুরী। বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক ও কাউন্সিল বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মাওলানা নূর মোহাম্মদ কাসেমী।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মতিউর রহমান গাজীপুরী সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও বিস্তৃত করার লক্ষ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি ওয়ার্ডভিত্তিক কমিটি গঠন, সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ এবং তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সক্রিয় করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে আগামী ১১ জুলাই অনুষ্ঠিতব্য ঢাকা মহানগর উত্তর শাখার কাউন্সিল সর্বাত্মকভাবে সফল করতে সকল দায়িত্বশীল ও নেতাকর্মীর প্রতি আন্তরিক আহ্বান জানান।
সভায় আরও উপস্থিত ছিলেন কাউন্সিল বাস্তবায়ন কমিটির সদস্য মাওলানা শহীদুল্লাহ, মাওলানা আবু ইউসুফ কাসেমী, মাওলানা আবুল বাশার, উত্তরা পূর্ব থানা শাখার নেতা মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা ওয়ায়েজ উদ্দীন, মাওলানা মোস্তাফিজুর রহমান, মাওলানা মাহদী হাসান, মাওলানা মোস্তফা কামালসহ থানা ও মহানগরের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ।
আওয়ার ইসলাম/জেডএম
