ওআইসির নতুন মহাসচিব ইসমাইল উলদ শেখ আহমেদ
প্রকাশ: ২৮ আগস্ট, ২০২৬, ০৭:৪১ বিকাল
নিউজ ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মৌরিতানিয়ার অভিজ্ঞ কূটনীতিক ইসমাইল উলদ শেখ আহমেদকে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) নতুন মহাসচিব নির্বাচিত করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সংস্থাটির ৫৭ সদস্য দেশের পররাষ্ট্রমন্ত্রীরা তাকে নতুন মহাসচিব হিসেবে নির্বাচিত করেন।

ইসমাইল উলদ শেখ আহমেদ বর্তমান মহাসচিব চাদের হুসেইন ইব্রাহিম তাহার স্থলাভিষিক্ত হবেন। ২০২১ সালের নভেম্বরে দায়িত্ব নেওয়া তাহার মেয়াদ আগামী নভেম্বর মাসে শেষ হবে। এরপরই নতুন মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন মৌরিতানিয়ার এই কূটনীতিক।

আন্তর্জাতিক কূটনীতিতে তিন দশকেরও বেশি সময়ের অভিজ্ঞতা রয়েছে ইসমাইল উলদ শেখ আহমেদের। তিনি জাতিসংঘের বিভিন্ন কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিলেন। পাশাপাশি আফ্রিকা ও বৃহত্তর অঞ্চলের রাজনৈতিক ও নিরাপত্তা সংকট মোকাবিলায়ও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

ওআইসির সদর দফতর সৌদি আরবের জেদ্দায় অবস্থিত। বিশ্বের অন্যতম বৃহৎ আন্তঃসরকারি সংস্থা হিসেবে ওআইসির সদস্য ৫৭টি দেশ মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও এশিয়াজুড়ে বিস্তৃত। এসব দেশের অধিকাংশই মুসলিম সংখ্যাগরিষ্ঠ।

ওআইসির মহাসচিব পদে ইসমাইল উলদ শেখ আহমেদের প্রার্থিতা নির্বাচনের আগেই আফ্রিকার সমর্থন পেয়েছিল। চলতি বছরের ফেব্রুয়ারিতে আফ্রিকান ইউনিয়ন ২০২৭ থেকে ২০৩২ মেয়াদের জন্য তাকে আনুষ্ঠানিকভাবে সমর্থন দেয়। ওই সময় মৌরিতানিয়াকে উত্তর আফ্রিকা অঞ্চলের দেশ হিসেবে উল্লেখ করা হয়।

ওআইসির সনদ অনুযায়ী, মহাসচিবের মেয়াদ পাঁচ বছর। একবার এই মেয়াদ নবায়ন করা যেতে পারে। মহাসচিব নির্বাচনের ক্ষেত্রে ভৌগোলিক ভারসাম্য, পালাক্রমে দায়িত্ব প্রদান এবং সদস্য দেশগুলোর সমান সুযোগের নীতি বিবেচনা করা হয়। পাশাপাশি প্রার্থীর যোগ্যতা, সততা ও অভিজ্ঞতাকেও গুরুত্ব দেওয়া হয়।

সনদে আরব, আফ্রিকা ও এশিয়ার মধ্যে মহাসচিব পদ বণ্টনের কোনো নির্দিষ্ট ধারাবাহিকতা নির্ধারিত নেই। তবে নির্বাচন প্রক্রিয়ায় ভৌগোলিক ভারসাম্য ও পালাক্রমের বিষয়টি বিবেচনায় রাখা হয়।

ইসমাইল উলদ শেখ আহমেদের নির্বাচনের মধ্য দিয়ে ওআইসির শীর্ষ নেতৃত্বে এবার মৌরিতানিয়ার একজন অভিজ্ঞ কূটনীতিক আসছেন। তাঁর দায়িত্বকালে সদস্য দেশগুলোর মধ্যে সহযোগিতা জোরদার এবং রাজনৈতিক ও নিরাপত্তা সংকট মোকাবিলায় ওআইসির ভূমিকা আরও কার্যকর করার বিষয়ে নজর থাকবে বলে ধারণা করা হচ্ছে।

আইও/