আন্তর্জাতিক ডেস্ক
মিসরের দাকাহলিয়া গভর্নরেটের সানবালাওয়াইন শহরে নবনির্মিত ‘আল-আকসা’ মসজিদ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে দেশটির গ্র্যান্ড মুফতি ড. নজির মুহাম্মদ আইয়াদ, ধর্মবিষয়ক মন্ত্রী ড. উসামা আল-আযহারি, দাকাহলিয়ার গভর্নর তারিক মারজুক, সিনেটের প্রথম উপ-স্পিকার মেজর জেনারেল আহমদ আল-আওয়াদিসহ প্রশাসন, ধর্মীয় প্রতিষ্ঠান ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে গ্র্যান্ড মুফতি ড. নজির মুহাম্মদ আইয়াদ বলেন, ইসলামে মসজিদ শুধু ইবাদতের স্থান নয়; বরং মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান। এখান থেকেই জ্ঞানচর্চার সূচনা হয়েছে এবং এখানেই এমন প্রজন্ম গড়ে উঠেছে, যারা সভ্যতা ও মানবকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
তিনি বলেন, মসজিদের প্রকৃত আবাদ কেবল ভবন নির্মাণের মাধ্যমে সম্পূর্ণ হয় না। বরং জিকির, কুরআন শিক্ষা, দ্বীনি জ্ঞানচর্চা এবং মানুষের জীবনঘনিষ্ঠ বিষয়গুলো নিয়ে দিকনির্দেশনামূলক ধর্মীয় আলোচনার মাধ্যমে মসজিদকে প্রাণবন্ত করতে হবে। এতে সমাজে সচেতনতা, স্থিতিশীলতা ও পারস্পরিক সম্প্রীতি আরও সুদৃঢ় হবে।
গ্র্যান্ড মুফতি আরও বলেন, রাষ্ট্রপতি আবদেল ফাত্তাহ আল-সিসি-র নেতৃত্বে মিসর সরকার মসজিদ নির্মাণ, সংস্কার ও উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে। এটি এমন একটি জাতীয় দৃষ্টিভঙ্গির প্রতিফলন, যা মানুষের নৈতিক ও ধর্মীয় বিকাশে মসজিদের গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি দেয় এবং মধ্যপন্থা, সহনশীলতা ও ভারসাম্যপূর্ণ ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় সহায়ক।
অনুষ্ঠানে দাকাহলিয়ার গভর্নর তারিক মারজুক গ্র্যান্ড মুফতির উপস্থিতিকে স্বাগত জানিয়ে বলেন, মিসরের দারুল ইফতা সঠিক ধর্মীয় চেতনা, মধ্যপন্থা ও সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি রাষ্ট্রের উন্নয়ন ও মানবসম্পদ গঠনে সরকারি ও ধর্মীয় প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
আরএইচ/
