আন্তর্জাতিক ডেস্ক:
রাশিয়ার জ্বালানি পণ্যের প্রধান ক্রেতাদের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ ও ইরানের ওপর কড়াকড়ি বাড়ানোর লক্ষ্যে বহুল প্রতিক্ষীত একটি দ্বিদলীয় বিল পাস করেছে যুক্তরাষ্ট্রের সিনেট। দীর্ঘ দিন ধরে স্থগিত থাকা এই বিলটি পাসের মধ্য দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ভারত ও চীনসহ রাশিয়ার জ্বালানি তেল বা প্রাকৃতিক গ্যাসের শীর্ষ পাঁচ ক্রেতা দেশের ওপর ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের ক্ষমতা দেওয়া হয়েছে।
প্রয়াত সিনেটর লিন্ডসে গ্রাহাম প্রস্তাবিত ও ডোনাল্ড ট্রাম্প সমর্থিত এই বিলটি সিনেটে অনুমোদন পেতে ৬০টি ভোটের প্রয়োজন ছিল। শেষ পর্যন্ত বিলটির পক্ষে ৮৬টি ও বিপক্ষে ১২টি ভোট পড়ে। বিলটির সপক্ষে প্রায় সব রিপাবলিকান ও অধিকাংশ ডেমোক্র্যাট একজোট হয়ে ভোট দেন।
চলতি মাসে আকস্মিকভাবে মৃত্যুবরণ করা সিনেটর গ্রাহামের স্মরণে ক্যাপিটল হিলে আয়োজিত এক অনুষ্ঠানের পরপরই বিলটি পাস হয়। ওই সময় ক্যাপিটল হিলে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও উপস্থিত ছিলেন, যিনি রাশিয়ান আগ্রাসনের কঠোর সমালোচক রিপাবলিকান সিনেটর গ্রাহামকে শ্রদ্ধা জানাতে সেখানে যান।
বিলটির বিস্তারিত
অনুমোদিত বিলটিতে রাশিয়ার সরকারি কর্মকর্তা, প্রভাবশালী ব্যবসায়ী (অলগার্ক), আর্থিক প্রতিষ্ঠান এবং মস্কোর তেল রপ্তানি নিষেধাজ্ঞা এড়াতে ব্যবহৃত কথিত ‘শ্যাডো ফ্লিট’ বা ছায়া জাহাজের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের বিধান রাখা হয়েছে। একই সঙ্গে এটি রাশিয়া থেকে তেল ও গ্যাস কেনা প্রধান দেশগুলোর, বিশেষ করে চীন ও ভারতের পণ্যের ওপর ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক বসানোর ক্ষমতা দিচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্পকে।
তবে যেসব দেশ রাশিয়া থেকে তাদের প্রয়োজনীয় প্রাকৃতিক গ্যাসের ১৫ শতাংশেরও কম আমদানি করে ও এই নির্ভরতা কমাতে কার্যকর পদক্ষেপ নিচ্ছে, বিলটিতে তাদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া ট্রাম্পের বিশেষ অনুরোধে সংশোধিত বিলে ইরানের জ্বালানি ও অস্ত্র খাতে অর্থায়ন বন্ধে বিদ্যমান নিষেধাজ্ঞার মেয়াদও বাড়ানো হয়েছে।
বিলটির নামকরণ করা হয়েছে প্রয়াত সিনেটর গ্রাহামের নামে, যিনি এক বছরেরও বেশি সময় ধরে এর পক্ষে সমর্থন সংগ্রহ করেন এবং চলতি মাসের শুরুতে আকস্মিক মৃত্যুর কিছুদিন আগেই হোয়াইট হাউসের সাথে বিলটির সংশোধিত সংস্করণের বিষয়ে সমঝোতায় পৌঁছান।
বিলটির সমর্থকদের দাবি, এরই মধ্যে পঞ্চম বর্ষে পা দেওয়া ইউক্রেন যুদ্ধে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অর্থায়নের সক্ষমতা পঙ্গু করে দিতে ও মস্কোর জ্বালানি খাতের আয় বন্ধ করতে এই পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি।
বিল পাসের পর ছয়জন রিপাবলিকান ও ডেমোক্র্যাট সিনেটর এক যৌথ বিবৃতিতে জানান, সিনেটর গ্রাহামের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর জন্য এই দ্বিপক্ষীয় চুক্তিটি এগিয়ে নেওয়ার চেয়ে উত্তম আর কোনো উপায় হতে পারে না।
রাশিয়াকে শাস্তি দেওয়ার বিষয়ে উভয় দলের সার্বিক সমর্থন থাকলেও, বিলের শুল্ক সংক্রান্ত বিধান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বেশ কয়েকজন ডেমোক্র্যাট আইনপ্রণেতা। তাদের মতে, এই শুল্ক আরোপের ফলে প্রেসিডেন্ট ট্রাম্পকে অতিরিক্ত ক্ষমতা দেওয়া হচ্ছে, যা মার্কিন ভোক্তাদের ওপর আমদানিকৃত পণ্যের খরচ বাড়িয়ে দিতে পারে কিংবা যুক্তরাষ্ট্রের ইউরোপীয় সহযোগীদের ক্ষতিগ্রস্ত করতে পারে।
এদিকে, গ্রীষ্মকালীন ছুটির কারণে প্রতিনিধি পরিষদের (হাউস অব রিপ্রেজেন্টেটিভস) অধিবেশন বন্ধ থাকায় আগামী সেপ্টেম্বরের আগে এই বিলটি চূড়ান্ত বিবেচনার জন্য সেখানে উত্থাপিত হওয়ার সম্ভাবনা কম।
সূত্র: এনডিটিভি
