শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ৩ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮


কাবার গিলাফ তৈরির কারখানা পরিদর্শনে বাদশাহর অতিথিরা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক:

সৌদি আরবের বাদশাহ সালমানের পৃষ্ঠপোষকতায় পরিচালিত ‘খাদিমুল হারামাইন শরিফাইন হজ, ওমরাহ ও জিয়ারত কর্মসূচি’-এর প্রথম দফার অতিথিরা পবিত্র কাবার গিলাফ (কিসওয়া) তৈরির ঐতিহাসিক কিং আবদুল আজিজ কমপ্লেক্স ফর দ্য হোলি কাবা কিসওয়া পরিদর্শন করেছেন।

সৌদি আরবের ইসলামবিষয়ক, দাওয়াহ ও দিকনির্দেশনা মন্ত্রণালয় বাস্তবায়িত এ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এই সফরের উদ্দেশ্য ছিল অতিথিদের কাবার গিলাফ তৈরির প্রক্রিয়া সম্পর্কে ধারণা দেওয়া এবং পবিত্র কাবা ও এর গিলাফের প্রতি সৌদি সরকারের বিশেষ যত্ন ও সেবার বিভিন্ন দিক তুলে ধরা।

পরিদর্শনকালে অতিথিদের কিসওয়া তৈরির প্রতিটি ধাপ ঘুরে দেখানো হয়। প্রাকৃতিক রেশম সুতা প্রস্তুত ও রঙ করা থেকে শুরু করে বয়ন, সোনালি-রুপালি সুতা দিয়ে কোরআনের আয়াতের নকশা ও সূচিকর্ম, সেলাই এবং সবশেষে সম্পূর্ণ গিলাফ প্রস্তুতের পুরো প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানানো হয়।

এ সময় তারা কিসওয়া তৈরিতে ব্যবহৃত উপকরণ সম্পর্কে অবহিত হন এবং অত্যন্ত দক্ষ ও প্রশিক্ষিত কারিগরদের সূক্ষ্ম ও নিখুঁত কাজ সরাসরি পর্যবেক্ষণ করেন।

সফরের অংশ হিসেবে অতিথিরা কমপ্লেক্সের বিভিন্ন প্রযুক্তিগত ও উৎপাদন বিভাগও পরিদর্শন করেন। সেখানে কিসওয়া তৈরিতে ব্যবহৃত আধুনিক প্রযুক্তি ও বিশেষায়িত যন্ত্রপাতি সম্পর্কে তাদের ধারণা দেওয়া হয়। পাশাপাশি তারা প্রতীকীভাবে কিসওয়ার একটি অংশ বয়নের কার্যক্রমেও অংশ নেন, যা এই ঐতিহ্যবাহী শিল্পে সৌদি আরবের যত্ন, দক্ষতা ও নিখুঁততার প্রতিফলন হিসেবে বিবেচিত হয়।

ইসলামবিষয়ক মন্ত্রণালয় জানায়, এই সাংস্কৃতিক ও শিক্ষামূলক সফরের মাধ্যমে অতিথিদের সামনে দুই পবিত্র মসজিদের সেবা, উন্নয়ন প্রকল্প এবং হাজি-ওমরাহ পালনকারীদের জন্য সৌদি আরবের বিভিন্ন উদ্যোগ তুলে ধরা হয়েছে। এর মাধ্যমে অতিথিরা পবিত্র স্থানগুলোর ব্যবস্থাপনা ও কাবার গিলাফ তৈরির ঐতিহ্য সম্পর্কে প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জনের সুযোগ পান। সূত্র: আরব নিউজ

আওয়ার ইসলাম/জেডএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ