বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮


কুয়েত-বাহরাইনে ইরানের হামলা, বাজছে সাইরেন


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে আবারও হামলা চালিয়েছে ইরান। দেশটির এ হামলার পর কুয়েত ও বাহরাইনে সাইরেন বাজানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে উভয় দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। বুধবার (১৫ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

কুয়েতের সেনাবাহিনী জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জবাব দিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। দেশটি জনসাধারণকে কর্তৃপক্ষের নিরাপত্তা ও সুরক্ষাবিষয়ক নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে।

এদিকে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জনগণকে শান্ত থাকতে এবং নিকটতম নিরাপদ স্থানে আশ্রয় নিতে বলেছে।

এর আগে, ইরানের হামলার কিছুক্ষণ আগে ইরানের কিশ ও কেশম দ্বীপ লক্ষ্য করে হামলা চালায় যুক্তরাষ্ট্র। বাংলাদেশ সময় মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে ইরানি সংবাদমাধ্যমের বরাতে আল জাজিরা এ তথ্য জানায়।

গত তিন দিনে দ্বীপ দুটিতে বারবার হামলা চালিয়েছে মার্কিন সেনাবাহিনী। এর মধ্যে আজ আবারও হামলা হয়েছে। তবে নতুন হামলায় তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির তথ্য দেয়নি ইরান।

কেশম দ্বীপ ইরানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। হরমুজ প্রণালিতে ইরানের যতগুলো দ্বীপ রয়েছে, তার মধ্যে এটিই সবচেয়ে বড়। এই দ্বীপ ব্যবহার করে হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ বজায় রাখতে পারে তেহরান। ধারণা করা হয়, সেখানে বিপুল পরিমাণ অস্ত্র ও ক্ষেপণাস্ত্র মজুত রয়েছে। তাই যুক্তরাষ্ট্র বারবার সেখানে হামলা চালাচ্ছে।

এদিকে ইরান হামলা চালালে অতীতের যেকোনো সংঘাতের তুলনায় বহুগুণ শক্তিশালী ও কঠোর প্রতিশোধ নেওয়া হবে বলে হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তেহরানকে ইসরায়েলে হামলা না করার বিষয়ে সতর্ক করে দিয়ে তিনি এ হুমকি দেন।

সূত্র: আল জাজিরা

জেডএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ