শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
বৃষ্টির আশায় তামিলনাড়ুতে মুসল্লিদের বিশেষ নামাজ ও মোনাজাত! জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন ৫ আগস্ট ‘নৈতিকতা, আদর্শ, সততা ও যোগ্যতার ভিত্তিতে যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে হবে’ প্রচণ্ড গরম জাহান্নামের কথা স্মরণ করিয়ে দেয়: মসজিদে নববীর খতিব বিকেএমের কেন্দ্রীয় মজলিসে শূরার তৃতীয় অধিবেশন চলছে মক্কায় বাঙালি নারী প্রতিষ্ঠিত প্রথম কওমি মাদরাসা! দুই প্রতিষ্ঠানে ‘যে গল্পে ঈমান জাগে’ গ্রন্থের মোড়ক উন্মোচন দৃষ্টির হেফাজত ঈমানের নূর ও অন্তরের প্রশান্তির উৎস: মসজিদে হারামের খতিব আলজেরিয়ায় বাস খাদে পড়ে নিহত ২৭ ছাত্রদের নেতৃত্ব গড়ে উঠতে হবে আদর্শ, নৈতিকতা ও যোগ্যতার মাধ্যমে: শায়খে চরমোনাই

ইসলাম ধর্ম গ্রহণ করলেন ব্রাজিলিয়ান ফুটবলার ক্যাথেলেন সুজা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সৌদি আরবে দুই বছর খেলার অভিজ্ঞতার পর ইসলাম ধর্ম গ্রহণ করেছেন ব্রাজিলিয়ান নারী ফুটবলার ক্যাথেলেন সুজা। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় ২৯ বছর বয়সী এই ডিফেন্ডার নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেওয়া ভিডিওতে ক্যাথেলেন বলেন, ছোট ছোট পদক্ষেপে আমি সঠিক পথ খুঁজছি। পরিবর্তন চাইছি এবং জীবনের উপহারকে মূল্য দিতে শিখছি।

আবেগাপ্লুত কণ্ঠে তিনি আরও বলেন, আমি শুধু সঠিক পথের সন্ধান করছিলাম এবং নিজের সেরা সংস্করণ হতে চেয়েছি এটাই।

বর্তমানে সৌদি আরবের ক্লাব আল-নাসরের নারী দলের হয়ে খেলছেন ক্যাথেলেন সুজা। ক্লাবটির অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকেও তার ইসলাম গ্রহণের বিষয়টি নিশ্চিত করা হয়। সেখানে বলা হয়, ক্যাথেলেন সুজার জীবনের এই বিশেষ মুহূর্তটি আমরা সবার সঙ্গে ভাগ করে নিচ্ছি। আমরা প্রার্থনা করি, আল্লাহ তাকে স্থিরতা দান করুন এবং তার হৃদয় শান্তি ও প্রশান্তিতে ভরিয়ে দিন।

ইসলাম গ্রহণের পর সম্প্রতি ওমরাহ পালনের জন্য মক্কায় যান এই ব্রাজিলিয়ান ফুটবলার। সেখানে তোলা কয়েকটি ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ করে তিনি আবারও লেখেন, সঠিক পথের সন্ধান, পরিবর্তনের খোঁজ এবং জীবনের জন্য কৃতজ্ঞতা।

মাঠের পারফরম্যান্সেও দারুণ সময় কাটাচ্ছেন ক্যাথেলেন। আল-নাসর নারী দলে যোগ দেওয়ার পর থেকেই রক্ষণভাগে ধারাবাহিক ও দৃঢ় পারফরম্যান্স উপহার দিচ্ছেন তিনি। চলতি মৌসুমে তার পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে তিনি ‘প্লেয়ার অব দ্য মান্থ’ নির্বাচিত হন, যা ক্লাবের সাফল্যে তার অবদানেরই প্রমাণ।

সাও পাওলো অঙ্গরাজ্যের সাও ভিসেন্তেতে জন্ম নেওয়া ক্যাথেলেন ছোটবেলা থেকেই ফুটবলের সঙ্গে যুক্ত। ব্রাজিলে সংক্ষিপ্ত সময় সান্তোস এফসির বয়সভিত্তিক দলে খেলেন তিনি। পরে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়ে ইউনিভার্সিটি অব লুইসভিল ও ইউনিভার্সিটি অব সেন্ট্রাল ফ্লোরিডায় পড়াশোনার পাশাপাশি ফুটবল খেলেন। 

পেশাদার ক্যারিয়ারে ব্রাজিলের ক্লাব স্পোর্ত ক্লাব ইন্টারন্যাসিওনালের হয়ে সেন্ট্রাল ডিফেন্ডার হিসেবে খেলেছেন ক্যাথেলেন। ২০২৪ সালের আগস্টে তিনি আল-নাসর নারী দলে যোগ দেন। পাশাপাশি ব্রাজিল নারী জাতীয় দলের জার্সিতেও প্রতিনিধিত্ব করেছেন এই ডিফেন্ডার। ২০১৮ সালে আন্তর্জাতিক অভিষেকের পর থেকে তিনি ৩০টি ম্যাচ খেলেছেন।

ধর্মীয় বিশ্বাসে এই পরিবর্তন নিয়ে ক্যাথেলেন সুজার ঘোষণা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ফুটবলের মাঠে যেমন দৃঢ়তা ও আত্মবিশ্বাস দেখিয়েছেন, ব্যক্তিজীবনের এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তেও তেমনই স্পষ্ট ও আত্মবিশ্বাসী বার্তা দিয়েছেন ব্রাজিলের এই ফুটবলার।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ