চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের জন্য ৪ লাখ ২ হাজার ৫১ জন পরীক্ষার্থী আবেদন করেছেন। এসব আবেদনে ১০ লাখ ৫৬ হাজার ৪৫৫টি তত্ত্বীয় উত্তরপত্রের ফল পুনর্নিরীক্ষণের অনুরোধ করা হয়েছে। ব্যবহারিকসহ মোট ১২ লাখ ৮৭ হাজার ৯২৬টি উত্তরপত্র যাচাই করা হবে।
মঙ্গলবার (১৮ আগস্ট) সন্ধ্যায় এ তথ্য জানিয়েছেন ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব এস এম কামাল উদ্দিন হায়দার।
তিনি বলেন, আবেদন করা ১০ লাখ ৫৬ হাজার ৪৫৫টি পত্রের মধ্যে ২ লাখ ৩১ হাজার ৪৭১টি পত্রের সঙ্গে ব্যবহারিক রয়েছে। ফলে তত্ত্বীয় ও ব্যবহারিক মিলিয়ে মোট ১২ লাখ ৮৭ হাজার ৯২৬টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণ করা হবে।
পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের তারিখ এখনো নির্ধারণ করা হয়নি বলে জানান বোর্ড সচিব।
জানা গেছে, বোর্ডভিত্তিক হিসাবে ঢাকা শিক্ষা বোর্ডে সবচেয়ে বেশি আবেদন পড়েছে। এ বোর্ডের ৯৪ হাজার ২৩৬ জন পরীক্ষার্থী ২ লাখ ৭৭ হাজার ৬৬৫টি পত্রের ফল পুনর্নিরীক্ষণের আবেদন করেছেন।
অন্যান্য বোর্ডের মধ্যে কুমিল্লায় ৩৫ হাজার ৯২৯ জন পরীক্ষার্থী ৯১ হাজার ৪৯৪টি, রাজশাহীতে ৩৯ হাজার ৭৬২ জন ৯৮ হাজার ৭১০টি, যশোরে ২৮ হাজার ৮৬২ জন ৭৪ হাজার ৭১৭টি এবং চট্টগ্রামে ৩৯ হাজার ৭৯৮ জন ১ লাখ ১৪ হাজার ৭০৬টি পত্রের ফল পুনর্নিরীক্ষণের আবেদন করেছেন।
বরিশালে ১৭ হাজার ২৮৩ জন পরীক্ষার্থী ৫০ হাজার ২৯৩টি, সিলেটে ২০ হাজার ৭৮২ জন ৫০ হাজার ৭১০টি এবং দিনাজপুরে ৩৭ হাজার ২৯৬ জন ৮৯ হাজার ২৮৬টি পত্রের ফল পুনর্নিরীক্ষণের আবেদন করেছেন।
মাদ্রাসা শিক্ষা বোর্ডে ২০ হাজার ৩০৭ জন দাখিল পরীক্ষার্থী ৩৪ হাজার ৩০৫টি পত্র এবং কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি ও দাখিল ভোকেশনালে ২৭ হাজার ৬৭৬ জন পরীক্ষার্থী ৭১ হাজার ৬৬টি পত্রের ফল পুনর্নিরীক্ষণের আবেদন করেছেন।
আইও/