ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশনের কাছে ঢাকাগামী তিতাস কমিউটার ট্রেনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে ট্রেনটির বেশ কয়েকটি আসন পুড়ে গেছে। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে রেল কর্তৃপক্ষ। এ ঘটনায় দুজনকে আটক করেছে জিআরপি ও রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি)।
মঙ্গলবার (১১ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে আখাউড়া রেলওয়ে স্টেশন থেকে প্রায় এক কিলোমিটার উত্তরে এ ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাতে ঢাকাগামী তিতাস কমিউটার ট্রেনটির শান্টিংয়ের কাজ চলছিল। এ সময় দায়িত্বে থাকা গেটকিপার স্বাধীন আহমেদ ট্রেনের ভেতরে আগুন দেখতে পান। পরে তিনি দ্রুত রেলওয়ে কন্ট্রোল অফিস ও আখাউড়া ফায়ার সার্ভিসকে বিষয়টি জানান।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই ট্রেনটির বেশ কয়েকটি আসন পুড়ে যায়।
এ বিষয়ে আখাউড়া রেলওয়ে স্টেশনের সুপারিনটেনডেন্ট মো. নুরুন্নবী জানান, ক্ষতিগ্রস্ত বগিটি রেখে ট্রেনটি প্রায় এক ঘণ্টা বিলম্বে আখাউড়া স্টেশন ছেড়ে যায়।
রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) ইনচার্জ মো. জাহাঙ্গীর আলম জানান, স্টেশন থেকে প্রায় এক কিলোমিটার দূরে শান্টিংয়ের সময় দুর্বৃত্তরা ট্রেনটিতে আগুন দেয়। ঘটনার পরপরই জিআরপি ও আরএনবি অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে দুজনকে আটক করে।
ঘটনাটি তদন্ত করে আগুন দেওয়ার সঙ্গে জড়িতদের শনাক্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
আইও/