গাজীপুরের শ্রীপুরে গভীর রাতে মসজিদ, ঝুট গুদাম, ভাঙাড়ি দোকান ও বেশ কয়েকটি দোকানপাটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বুধবার (২২ অক্টোবর) রাত সাড়ে ৩টার দিকে শ্রীপুর পৌরসভার চন্নাপাড়া গ্রামের ২ নম্বর সিঅ্যান্ডবি বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নুরুল করিম বলেন, রাত ৩টা ৫৫ মিনিটের দিকে আগুন লাগার খবর আসে। শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। আগুনের ভয়াবহতা বাড়তে থাকায় পরে শ্রীপুর ফায়ার স্টেশন থেকে একটি ও রাজেন্দ্রপুর মডার্ন ফায়ার স্টেশনের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজে যোগ দেয়। চারটি ইউনিটের প্রায় ২ ঘণ্টার চেষ্টায় ৫টা ৪৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
তিনি আরও বলেন, আগুনে ঝুট গুদাম, সেনেটারি দোকান, মুরগির দোকান, ভাঙাড়ির দোকান ও একটি মসজিদ পুড়ে গেছে। প্রাথমিক হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।
আইও/