শনিবার, ২৭ জুন ২০২৬ ।। ১৩ আষাঢ় ১৪৩৩ ।। ১২ মহর্‌রম ১৪৪৮


সংক্রমণের পথ আরো সুগম করে দিয়েছে সরকার: ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দোকানপাট ও শপিংমল খুলে দেয়ার মধ্য দিয়ে সরকার করোনা ভাইরাসের সংক্রমণের পথ আরও সুগম করে দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার রাজধানীর গুলশানে দলীয় চেয়ারপার্সনের কার্যালয়ে অনুষ্ঠিত অনলাইন সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

মির্জা ফখরুল বলেন, জনগণের কাছে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের কোনো জবাবদিহিতা করা লাগে না। সেজন্যই তারা লকডাউন তুলে নিয়ে দেশকে আরো ভয়ঙ্কর পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে। পরিস্থিতি খারাপ হলে এমন সিদ্ধান্তের কারণে বর্তমান সরকারকে এককভাবেই দায়ী থাকতে হবে।

আইইডিসিআরের বরাতে তিনি বলেন, মে মাসের তৃতীয় এবং চতুর্থ সপ্তাহে বাংলাদেশে করোনার ব্যাপক সংক্রমণ ঘটতে পারে। অথচ এমন সময়ে দোকানপাট ও শপিংমল খুলে দেয়ার যে সিদ্ধান্ত নেয়া হয়েছে তা বিপজ্জনক। তাছাড়া সরকার এটাকে সাধারণ ছুটি আখ্যায়িত করেছে, লকডাউন নয়। ফলে মানুষও এর গুরুত্ব ঠিকভাবে অনুভব করতে পারছে না।

সামাজিক দূরত্ব কঠোরভাবে মেনে চলা উচিত ছিল উল্লেখ করে তিনি বলেন, রমজান ও ঈদের কথা বলে তাৎক্ষণিকভাবে প্রথমে দোকানপাট খুলে দেয়ার সিদ্ধান্ত নেয় সরকার। যদিও পরবর্তীতে সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ ও অন্যান্য স্বাস্থ্যবিধি প্রতিপালনের শর্তে ১০ মে থেকে দোকানপাট খুলতে বলা হয়েছে। এতে করে মূলত করোনা সংক্রমণের পথ আরো সুগম হলো।

তিনি আরও বলেন, সুইডেন মডেল অনুসরণ করে এ কাজ করা হয়েছে বলে যুক্তি দেখানো হচ্ছে। অথচ সরকার এটা ভুলে গেছে যে, সুইডেনের জনগণের যে সামাজিক সচেতনতা ও দায়িত্ববোধ রয়েছে, তা বাংলাদেশের সঙ্গে তুলনীয় নয়। তাদের স্বাস্থ্য বিভাগ শুরু থেকেই কঠোর অবস্থান নিয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ