মুফতি মানসুর আহমাদ।।
দুপুরে মাদরাসা থেকে ফেরার পথে আরেকজনসহ একটি দোকানের সামনে দাঁড়িয়ে আছি। আমাদেরকে দেখে চেহারাপরিচিত একজন লোক এগিয়ে এলেন। দেখে মনে হয় লোকটি আমলদার পরহেজগার হবেন। এসেছেন নিজের একটি তাজা ঘটনা শুনাতে।
মুখে একটা বিজয়ের ভাব ফুটিয়ে তিনি বলতে শুরু করলেন- ঐ তো ওখানে পুলিশ আমাকে জিজ্ঞেস করলো, মুখে মাস্ক পরছি না কেন? আমি পুলিশকে পাল্টা জিজ্ঞেস করলাম- আপনারা গ্যারান্টি দিতে পারবেন মাস্ক পরলে আমি করোনায় আক্রান্ত হবো না। আমার কথায় পুলিশ চুপ হয়ে গেল। বৃদ্ধ দোকানী লোকটির সাথে সুর মিলিয়ে বললো- বর্তমান সময়ে মানুষ অনেকরকম শিরক করছে।
আমি সাধারণত মাস্ক পরেই বের হই। কিন্তু সেবার মাদরাসা থেকে বেরোনোর সময় ভুলে পরা হয়নি। মুখে মাস্ক না দেখেই হয়তো তিনি আমাদেরকে নিজ দলের লোক মনে করে ঘটনাটি বলতে এসেছিলেন। আমি তাড়াতাড়ি করে পকেট থেকে মাস্কটি বের করে পরে নিলাম। আমার মাস্ক পরা দেখে তিনি দ্রুত পায়ে সামনে হাঁটা দিলেন।
দু'দিন আগে এলাকার প্রসিদ্ধ একজন মুফতি সাহেব ফোনে কাহিনী শুনালেন। বললেন- আমি মাস্ক পরে গ্রামের বাজারে গেলাম। লোকেরা কেমন করে যেন আমার দিকে তাকাচ্ছিলো। পরিচিত কয়েকজন বলেই ফেলল- হুজুর আপনিও মাস্ক পরে ফেললেন! মানে ঈমানের এত নিচু লেবেলে নেমে গেলেন!
নিচের হাদিসগুলো একটু লক্ষ্য করি- عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَنْ نَامَ وَفِي يَدِهِ غَمَرٌ وَلَمْ يَغْسِلْهُ فَأَصَابَهُ شَىْءٌ فَلاَ يَلُومَنَّ إِلاَّ نَفْسَهُ " .
আবূ হুরাইরাহ (রাঃ) থেকে বর্ণিতঃ: তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি ঘুমালো এ অবস্থায় যে, তার হাতে তৈলাক্ত কিছু লেগে আছে, সে তা ধুয়ে পরিষ্কার করে নি, এতে তার কোন ক্ষতি হলে সে যেন কেবল নিজেকেই তিরস্কার করে। ( সুনানে আবু দাউদ :৩৮৫২; জামে তিরমিযি: ১৮৬০; সুনানে ইবনে মাজাহ:৩২৯৬)
হাদিসটিতে উল্লেখিত "কোন ক্ষতি"র ব্যাখ্যায় আউনুল মা'বুদে বলা হয়েছে-
قوله: فأصابه شيء: أى وصله شيء من إيذاء الهوام أو من الجان
و قيل: من البرص و غيره
অর্থাৎ, কোন কীট বা সর্প এসে কামড় দিল। অথবা কোষ্ঠ বা অন্য কোনো রোগে আক্রান্ত হলো।
বুঝা গেল- যেসব বিষয় কোনো বিপদের কারণ হতে পারে বা কোনো রোগ সৃষ্টির উপলক্ষ হতে পারে তা থেকে সতর্কতার সাথে দূরে থাকতে হবে।