আশির দশকের শেষের দিকের কথা। আমি তখন হিফজখানায় পড়ি। শৈশবের কচি মনে মজা করে শিশুতোষ গল্পের বই পড়তাম। এখন যেমন ছোটদের বেশ ইসলামি বইপত্র পাওয়া যায়, আমাদের সময় তেমন কোনো শিশুতোষ ইসলামি বই ছিল না। মজার বই বলতে ছিল ঠাকুরমার ঝুলি, গোপালভাঁড়ের গল্প, ঈশপের গল্প প্রভৃতি। তখন কয়েক দিন ধরে লাগাতার বৃষ্টি হতো। আমরা বলতাম, আকাশ ফুটো হয়ে গেছে।
সেই বৃষ্টিভেজা দিনগুলোতে অলস বিকেলে মাদরাসায় ঘরের এক কোণায় বসে সহপাঠীদের গল্পগুলো শোনাতাম। সবাই হা করে গল্পগুলো গিলত। ওই সময় ইসলামিক ফাউন্ডেশন থেকে ছোটদের জন্য বেশ কিছু বই প্রকাশ করা হয়। মাদরাসার বার্ষিক পরীক্ষায় ভালো ফলাফল করায় ইসলামিক ফাউন্ডেশনের প্রকাশ করা বইগুলো থেকে একটি বই উপহার পেলাম। সেই সুবাদে জানলাম, তাদের প্রকাশনায় আরও বই আছে। কিছু বই কিনলাম, কিছু বই মসজিদের পাঠাগার থেকে নিয়ে এনে পড়লাম।
একদিন শখের বশে একটি কবিতা লিখে ফেললাম। সাহিত্যের কিছুই বুঝতাম না তখন। এখনও যে বুঝি, তা কিন্তু নয়। তখন শুধু বুঝতাম বাক্যের শেষে ছন্দের মিল হলেই কবিতা হয়ে যায়। অনেকেই মনে করে এভাবে লিখলেই কবিতা হয়ে যায়। তাই লেখালেখির ক্ষেত্রে কবিতাটাই খুব সহজ। আমিও তাই মনে করতাম। এখন অবশ্য এতোটুকু বুঝি, সাহিত্যের সবচেয়ে কঠিন শাখা হচ্ছে কবিতা লেখা। ইসলামিক ফাউন্ডেশনের বইগুলোর মাঝে মাঝে ছোট ছোট কবিতা থাকত। তা দেখে আমিও কবিতা লেখার কসরত করতাম। যেমন হজরত সুলায়মান আ.-এর একটি ঘটনা পড়ার পর গল্পটির শেষে লিখলাম-
সুবিচার করলেন
বালক সুলাইমান,
তাঁরই তৈরি বায়তুল মোকাদ্দাস
আজও আছে বিদ্যমান।
ঝোঁকের বশে কবিতাটি লেখার পর পত্রিকায় প্রকাশের তাগিদ অনুভব করলাম। একটি কাগজে লিখে স্থানীয় একটি পত্রিকার অফিসে গিয়ে তা জমা দিয়ে এলাম। তারা ছাপালো না। এরপর আরেকটি পত্রিকার অফিসে গিয়ে কবিতাটি জমা দিয়ে এলাম। তারাও ছাপালো না। এরই মধ্যে আরও কয়েকটি কবিতা লিখে ফেললাম। (এগুলোর একটিও সংরক্ষণ করা হয়নি।) স্থানীয় পত্রিকাগুলোতে কবিতাগুলো পাঠালাম। ওগুলো কোথাও ছাপা হলো না। মনে জেদ চাপল, পত্রিকায় লেখা আসতেই হবে। এভাবে হিফজ শেষ হওয়ার পর যখন কিতাব বিভাগে ভর্