নিজস্ব প্রতিবেদক
কোরআন-সুন্নাহ ও আকাবিরের পদাঙ্ক অনুসরণের মাধ্যমেই প্রকৃত শান্তি সম্ভব বলে মন্তব্য করেছেন কুতবে আলম সায়্যিদ হুসাইন আহমদ মাদানী রাহ.-এর নাতি, ফিদায়ে মিল্লাত রাহ.-এর সাহেবজাদা, আওলাদে রাসুল (সা.) ও ভারতের উত্তরাখণ্ডের সাবেক মন্ত্রী মাওলানা সায়্যিদ মাসউদ আসআদ মাদানী। তিনি বলেন, আজকের এই অশান্ত ও সংকটময় বিশ্বে মানবতা রক্ষায় এবং প্রকৃত শান্তি অর্জনে পবিত্র কোরআন-সুন্নাহ ও প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.)-এর সুমহান আদর্শ অনুসরণের কোনো বিকল্প নেই।
শুক্রবার (৬ নভেম্বর) সিলেটের জালালাবাদ, টুকেরবাজার, সাহেবেরগাঁও জামে মসজিদ সংলগ্ন মাঠে হযরত মাওলানা কুদরত উল্লাহ সাহেব রহ.-এর স্মৃতিবিজড়িত ঐতিহ্যবাহী ইসলামিক শিক্ষাপ্রতিষ্ঠান জামেয়া ইসলামিয়া হযরত আবু বকর সিদ্দিক (রা.)-এর আয়োজিত ৩১তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।
মাওলানা সায়্যিদ মাসউদ আসআদ মাদানী আরও বলেন, আমাদের আকাবিরে কেরাম, বিশেষ করে হযরত শাইখুল ইসলাম সায়্যিদ হুসাইন আহমদ মাদানী (রহ.) ও ফিদায়ে মিল্লাত (রহ.) দ্বীন ও মিল্লাতের সুরক্ষায় যে আপসহীন আদর্শ রেখে গেছেন, আমাদের ব্যক্তিগত ও জাতীয় জীবনে তা অনুসরণ করতে হবে। মুসলিম উম্মাহর সবচেয়ে বড় শক্তি হলো ঐক্য। অনৈক্য ও সংকীর্ণতা পরিহার করে ইমান ও ইসলামের সুদৃঢ় রজ্জুকে শক্ত করে ধরতে হবে। পাশাপাশি আমাদের তরুণ সমাজকে নৈতিক অবক্ষয় থেকে বাঁচাতে ঘরে ঘরে কুরআনের শিক্ষা ছড়িয়ে দিতে হবে এবং সমাজে ইনসাফ ও সততা প্রতিষ্ঠা করতে হবে।
বার্ষিক ইসলামী মহাসম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওলাদে রাসুল (সা.) মাওলানা মুফতি সায়্যিদ মুসআব মাদানী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা মুফতি মাহফুজুর রহমান জাবের, মাওলানা নুরুল হক নবীগঞ্জী, মাওলানা মঞ্জুর রশীদ আমিনী, মাওলানা আব্দুল মুমিন ছাতকীসহ স্থানীয় উলামায়ে কেরাম।

মাহফিলে পৃথক পৃথক অধিবেশনে সভাপতিত্ব করেন গণেশপুর মাদ্রাসার মুহতামিম মাওলানা শায়খ আব্দুল হান্নান গণেশপুরী, মাওলানা শায়খ আব্দুল গফফার পীর সাহেব রায়পুরী, ফতেহপুর কামিল মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল মাওলানা শায়খ শামসুদ্দোহা, সাবেক শিক্ষক মাওলানা নুরুদ্দিন, জামেয়া দরগাহর শিক্ষাসচিব মাওলানা আতাউল হক জালালাবাদী, রাজাগঞ্জ মাদ্রাসার মুহতামিম মাওলানা আবুল খায়ের কাসেমী, টুকেরগাঁওয়ের মাওলানা মোজাহিদুল ইসলাম এবং জামেয়া ইসলামিয়া হযরত আবু বকর সিদ্দিক (রা.)-এর সভাপতি আলহাজ্ব নাজিম উদ্দিন।
আইও/