কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জে শ্রেষ্ঠ যুব সংগঠক হিসেবে চতুর্থবারের মতো সম্মাননা স্মারক পেয়েছেন যুব সংগঠক আমিনুল হক সাদী। জাতীয় যুব দিবস ২০২৬ উপলক্ষে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদফতরের আয়োজিত সাত দিনব্যাপী অনুষ্ঠানমালার সমাপনী দিনে তাকে এ সম্মাননা দেওয়া হয়। একই অনুষ্ঠানে ডিজিটাল কনটেন্ট প্রতিযোগিতায় জেলায় দ্বিতীয় স্থান অর্জন করেও পুরস্কার পেয়েছেন তিনি।
শনিবার (৭ নভেম্বর) সকালে কিশোরগঞ্জ যুব উন্নয়ন অধিদফতরের প্রশিক্ষণ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে তার হাতে সম্মাননা স্মারক তুলে দেন জেলা প্রশাসক ও জাতীয় যুব পুরস্কার জেলা বাছাই কমিটির সভাপতি সোহানা নাসরিন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সোহানা নাসরিন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইশতিয়াক ইমন, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক ও লেখক মুহাম্মদ রফিকুল ইসলাম শামীম, যুব প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কো-অর্ডিনেটর প্রজিৎ কুমার ধর, যুব উন্নয়ন অধিদফতরের সহকারী পরিচালক মো. আলাউদ্দিন, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুব আলম ও সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা কামাল হোসেন উপস্থিত ছিলেন।
জানা যায়, কিশোরগঞ্জ যুব প্রশিক্ষণ কেন্দ্র থেকে তিন মাসের আবাসিক প্রশিক্ষণ গ্রহণের পর অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ২০১০ সালে ‘যুব উন্নয়ন পরিষদ’ নামে একটি যুবকল্যাণমূলক সংগঠন প্রতিষ্ঠা করেন আমিনুল হক সাদী। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি বেকার যুবক ও নারীদের প্রশিক্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং সমাজকল্যাণমূলক নানা কার্যক্রম পরিচালনা করে আসছে।
বর্তমানে সংগঠনটির পাঁচ শতাধিক সদস্যের একটি সক্রিয় দল যুবকল্যাণ ও সমাজ উন্নয়নে কাজ করছে। সংগঠনটির মাধ্যমে এ পর্যন্ত প্রায় তিন হাজার বেকার যুবক ও নারীকে বিভিন্ন প্রশিক্ষণের আওতায় আনা হয়েছে। তাদের মধ্যে তিন শতাধিককে স্বাবলম্বী করে তুলতে সক্ষম হয়েছেন সংগঠকরা।
এ ছাড়া যুব নেতৃত্ব বিকাশ, শিশু ও বয়স্ক শিক্ষা কার্যক্রম পরিচালনা এবং বেকার যুবকদের কর্মসংস্থানের নতুন ক্ষেত্র তৈরিতেও কাজ করছে সংগঠনটি। শিশু-কিশোর, যুবক ও বয়স্কদের জ্ঞানচর্চার সুযোগ করে দিতে সংগঠনটির রয়েছে পাঁচ হাজার বইসমৃদ্ধ একটি আধুনিক পাঠাগার।
যুব উন্নয়ন অধিদফতরের বিভিন্ন কার্যক্রমেও সহযোগিতা করে আসছে সংগঠনটি। যুবকল্যাণ ও সমাজ উন্নয়নে এসব অবদানের স্বীকৃতি হিসেবে এর আগে তিনবার জেলা পর্যায়ে শ্রেষ্ঠ যুব সংগঠক নির্বাচিত হয়েছিলেন আমিনুল হক সাদী। এবার চতুর্থবারের মতো একই স্বীকৃতি পেলেন তিনি।
আইও/