নিজস্ব প্রতিবেদক
জন্মের মাত্র ১০ মাস বয়সে অসুস্থতার কারণে অবশ হয়ে যায় ডান হাত ও পা। দীর্ঘদিন চিকিৎসা করিয়েও পুরোপুরি সুস্থ হয়নি শরীর। তবু শারীরিক প্রতিবন্ধকতা থামাতে পারেনি জ্ঞান অর্জনের অদম্য ইচ্ছা। নানা প্রতিকূলতা পেরিয়ে কওমি মাদরাসা থেকে মাওলানা পাস করেছেন গাজীপুরের লিমন হাসান রাহাত। এবার তাঁর স্বপ্ন মুফতি হওয়া। কিন্তু পরিবারের আর্থিক সংকটে সেই স্বপ্ন পূরণ নিয়ে দেখা দিয়েছিল অনিশ্চয়তা। অবশেষে গাজীপুর জেলা পরিষদের ২০ হাজার টাকার অনুদান তাঁর স্বপ্নের পথে নতুন আশার আলো জ্বালিয়েছে।
রাহাত এক বোন ও দুই ভাইয়ের মধ্যে মেজ। তাঁর বাবা আবুল কালাম আজাদ একটি বেসরকারি প্রতিষ্ঠানে নিরাপত্তাপ্রহরী হিসেবে কাজ করেন। মা তাছলিমা খানম লাকি গৃহিণী। বাবার সীমিত আয়ে সংসারের খরচ মেটানোর পাশাপাশি ছেলের পড়াশোনার ব্যয় বহন করতে দীর্ঘদিন ধরেই সংগ্রাম করছেন তাঁরা।